টেলরের সেঞ্চুরিতে কিউইদের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম টেস্ট সেঞ্চুরির পথে রস টেলরের একটি শট। তাঁর ১২৯ রানের ইনিংসেই দিন শেষে নিউজিল্যান্ড আছে স্বস্তিতে  এএফপি
দশম টেস্ট সেঞ্চুরির পথে রস টেলরের একটি শট। তাঁর ১২৯ রানের ইনিংসেই দিন শেষে নিউজিল্যান্ড আছে স্বস্তিতে এএফপি

দলের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা। কিন্তু গত বছর বিতর্কিতভাবে অধিনায়কত্ব হারানো রস টেলর সাময়িক বিরতি শেষে ফিরলেও তাঁকে ঠিক চেনা যাচ্ছিল না! অবশেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বরূপে টেলর। ডানেডিনে প্রথম টেস্টে করেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরি করলেন ওয়েলিংটনে টানা দ্বিতীয় টেস্টেও। তাতে শুরুর ধাক্কা কাটিয়ে দিন শেষে নিউজিল্যান্ড শিবিরে স্বস্তি। ২৪ রানেই দুই ওপেনারকে হারানো নিউজিল্যান্ড টেলরের ১২৯ রানের ইনিংসে প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩০৭ রানে।

তবে টেলর ফিরে যেতে পারতেন নিজের ষষ্ঠ বলেই, শূন্য রানে। টিনো বেস্টের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে টেলরের ক্যাচ ফেলেন কার্ক এডওয়ার্ডস। ক্যাচ তো মিসই, উল্টো চার পেয়ে যান টেলর! সেই টেলর ৮৮তম ওভারে আউট হওয়ার আগে পূর্ণ করেছেন ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি। পেরিয়েছেন ৪ হাজার রানের মাইলফলক। সিরিজের তিন ইনিংসেই তাঁর রান ৩৬২। উইলিয়ামসন, ম্যাককালাম ও অ্যান্ডারসনের সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরি জুটি (৮৮, ৭৭ ও ৬৮) গড়ে দলকে পার করিয়েছেন তিন শ রান।

পুনর্জীবন পেয়েছেন দুই ওপেনার ফুলটন ও রাদারফোর্ডও। তাঁরা অবশ্য তা কাজে লাগাতে পারেননি। দিনের শুরুটা ছিল স্যামি-চমক দিয়ে। নিউজিল্যান্ডকে ক্লান্ত করে তুলবেন—টেস্ট শুরুর আগে হুমকি দিয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ইঙ্গিত দিয়েছিলেন টস জিতলে প্রথমে ব্যাটিং নেবেন। কিন্তু বেসিন রিজার্ভের উইকেটের ঘাস এবং আর্দ্রতা দেখে নিউজিল্যান্ডকেই ব্যাটিংয়ে পাঠান। দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা থেকেও সরে এসেছেন। তাই ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দলটাই অপরিবর্তিত। নিজের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন স্যামিই।

চোটের কারণে তাঁর বোলিং করা নিয়ে সংশয় ছিল। কিন্তু সংশয়কে উড়িয়ে দিয়ে স্যামি বল হাতে নিয়ে নিজের দ্বিতীয় ওভারেই পেয়েছেন সাফল্য। বেস্টের করা দিনের প্রথম বলেই ফুলটনকে এলবিডব্লুও দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে গেলেও কিউই ওপেনার ৬ রানের মাথায় স্যামির বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। খানিক পর ৮ রানে জীবন পাওয়া রাদারফোর্ডকে ফেরান বেস্ট। চোট কাটিয়ে ফেরা উইলিয়ামসনকে নিয়ে টেলরের প্রতিরোধ লড়াইয়ের শুরু এরপর। উইলিয়ামসনের পর ম্যাককালাম ও অ্যান্ডারসনেরও সমর্থন পেয়েছেন। তাই টেলর দলকে নিয়ে যেতে পেরেছেন ভালো একটা জায়গায়। উচ্ছ্বসিত টেলরের প্রতিক্রিয়া, ‘ইনিংসের শুরুতে ভাগ্যের সহায়তা পাওয়া সব সময়ই দারুণ, এরপরই ভেবেছি সুযোগটাকে কাজে লাগানো উচিত।’ তথ্যসূত্র: ক্রিকইনফো।

স্কোর কার্ড

টস: ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ড ১ম ইনিংস
রান বল ৪ ৬
ফুলটন ক রামদিন ব স্যামি ৬ ১৯ ০ ০
রাদারফোর্ড ক রামদিন ব বেস্ট ১১ ২৯ ২ ০
উইলিয়ামসন ক স্যামি ব বেস্ট ৪৫ ৮৩ ৬ ১
টেলর ক শিলিংফোর্ড ব গ্যাব্রিয়েল ১২৯ ২২৭ ১৫ ০
ম্যাককালাম ক এডওয়ার্ডস ব দেওনারায়ণ ৩৭ ৬৩ ৫ ০
অ্যান্ডারসন ক পাওয়েল ব শিলিংফোর্ড ৩৮ ৭০ ৩ ২
ওয়াটলিং ব্যাটিং ৮ ৪৭ ০ ০
সাউদি ব্যাটিং ৯ ৪ ২ ০
অতি. (বা ১৬, লেবা ৬, নো ২) ২৪
মোট (৯০ ওভারে, ৬ উইকেটে) ৩০৭
উইকেট পতন: ১-১৪, ২-২৪, ৩-১১২, ৪-১৮৯, ৫-২৫৭, ৬-২৯৬।
বোলিং: বেস্ট ১৪-১-৬৬-২, গ্যাব্রিয়েল ১৮-৪-৫৬-১ (নো ১), স্যামি ১৯-৩-৬৫-১, শিলিংফোর্ড ২৩-৪-৫৯-১ (নো ১), দেওনারায়ণ ১৬-২-৩৯-১।