টেলরের সেঞ্চুরিতে টেলরদের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপিয়ারের ইতিহাস আশার বীজ বুনতে পারে জিম্বাবুয়ে খেলোয়াড়দের মনে। এই মাঠে এ পর্যন্ত হওয়া নয় টেস্টের মাত্র দুটি দেখেছে ফলাফল। জিম্বাবুইয়ানরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে এই ভেবেও, গত নভেম্বরে বুলাওয়ে টেস্টে নিউজিল্যান্ড দলকে যথেষ্টই বেগ দিতে পেরেছিল তারা।কিন্তু নেপিয়ার টেস্টের প্রথম দিনের চিত্র কী বলছে? বলছে, প্রায় সাত বছর পর বিদেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে ব্রেন্ডন টেলরের দল শুরুতেই পড়ে গেছে অস্বস্তিতে। প্রথম দিনেই ৫ উইকেটে ৩৩১ রান করেছে নিউজিল্যান্ড। অধিনায়ক রস টেলর নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিটি করে অপরাজিত ১১১ রানে।নেপিয়ারের সবুজাভ উইকেট পেসারদের মুখে হাসি ফোটাবে, এমন আশা থেকেই হয়তো টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক টেলর। কিন্তু হাসলেন আরেক টেলর, মানে নিউজিল্যান্ড অধিনায়ক। নিজে সেঞ্চুরি করেছেন। তার আগে ১২৪ রানের ওপেনিং জুটি হয়েছে ব্রেন্ডন ম্যাককালাম-মার্টিন গাপটিলের। এরপর ৭৬ রানের মধ্যে ৪ উইকেট পড়লেও টেলর-ভেট্টোরির পঞ্চম উইকেট জুটিতে আসা ৮২ রানে পরিস্থিতি সামাল দিয়েছে নিউজিল্যান্ড।উইকেটের সবুজ আভা আসলে মরীচিকা হয়েই ধরা দিয়েছে জিম্বাবুয়ে বোলারদের হাতে। উল্টো নতুন বলের প্রথম সেশনটা হতাশাই ছড়িয়েছে মনে। ওপেনিং জুটি ভাঙার পর যা একটু নিয়ন্ত্রণ তাঁরা নিতে পেরেছিলেন, ধরে রাখা যায়নি সেটাও। অন্যদিকে গত মাসে অস্ট্রেলিয়াকে হারানো নিউজিল্যান্ডের স্কোরবোর্ড ভরে উঠছিল একের পর এক বাউন্ডারিতে। টেলরের ইনিংসে দুই ছক্কার সঙ্গে চার ১৩টি। ম্যাককালামের ৮৩ রানে দুই হালি বাউন্ডারির সঙ্গে ছক্কা এক জোড়া। সাতটি করে চার মেরেছেন গাপটিল আর ভেট্টোরি। টেলরের সঙ্গে অপরাজিত থেকে দিন শেষে করা ওয়াটলিংয়ের ১৫ রানেও আছে একটি চার।৩৩১ রানের মধ্যে ১৬৮-ই চার ছক্কায়! এএফপি, ওয়েবসাইট।