টেলরেরও ভরসা স্পিনে
এমন না যে বুলাওয়েতে খেলা হলে শুধু বাংলাদেশই জেতে। এ মাঠে দুই দলের মধ্যকার আটটি ওয়ানডের দুটিতে তো জিতেছে স্বাগতিক জিম্বাবুয়েই। তার পরও কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দুই দলের মুখোমুখি হওয়া মানেই ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ রব উঠে যাওয়া।জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরের মতে, ব্যাপারটা শুধু বুলাওয়ে বলেই হয়, তা নয়। কাল কুইন্স স্পোর্টস ক্লাবে সংবাদ সম্মেলনে ২০১১ সালে হারারেতে সিরিজ জয় নিশ্চিত করার পর বুলাওয়েতে এসে পর পর দুই ম্যাচে হারের ব্যাখ্যা দিলেন টেলর, ‘শুধু বুলাওয়ে বলেই যে এ রকম হয়, আমি তা মনে করি না। সিরিজটা ৩-০ হয়ে যাওয়ার পর আমরা হয়তো একটু আত্মতৃপ্ত হয়ে পড়েছিলাম। এবার আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি, তাহলে আমাদের হারানোটা সহজ হবে না।’হারারের দ্বিতীয় টেস্টটা জেতার পর বাংলাদেশ দলও যে এখন আরও আত্মবিশ্বাসী, সেটা অবশ্য মানেন টেলরও, ‘গত টেস্টের পর বাংলাদেশ এখন আরও বেশি আত্মবিশ্বাসী থাকবে। তবে উইকেট কী ধরনের আচরণ করে, তার ওপরও অনেক কিছু নির্ভর করছে।’হ্যাঁ, হারারের মতো বুলাওয়েতেও সবার দৃষ্টি উইকেটে। বাংলাদেশ দলের কোচ-অধিনায়ক অনুশীলনে এসেই আগে উইকেট দেখে এলেন। অন্যদিকে হারারে থেকে আসা জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান কিউরেটর ফুঙ্গাই সাঙ্গাইয়াও বাংলাদেশের সাংবাদিকদের কাছে যতটা পারলেন চেপে গেলেন উইকেট প্রসঙ্গ। তবে অতীত অভিজ্ঞতা থেকে সাধারণ ধারণা—বুলাওয়ের উইকেট ব্যাটিং সহায়ক, যেখানে শেষ দিকে স্পিনাররাও ভালো টার্ন পান।উইকেটের এই দুই সম্ভাব্য চরিত্র আশাবাদী করছে জিম্বাবুয়ে অধিনায়ককে, ‘আমাদের ওপরের দিকের চার ব্যাটসম্যানেরই সেঞ্চুরি করার ক্ষমতা আছে। বাংলাদেশের মতো ভালো কয়েকজন স্পিনার আছে আমাদেরও। ওয়েস্ট ইন্ডিজ সফরে অনেক ভালো ভালো ব্যাটসম্যানকেও আটকে রাখতে পেরেছে আমাদের বোলাররা। সেই আত্মবিশ্বাসও কাজে লাগবে এখানে।’ বাংলাদেশের মূল বোলিং অস্ত্র যেমন স্পিন, বুলাওয়ের উইকেটে বাংলাদেশের ব্যাটিংটাতেও টেলর শৃঙ্খল পরাতে চান স্পিন দিয়েই, ‘মাঝের সময়টাতে আমরা আমাদের স্পিনারদের দিয়ে তাদের আটকাতে চেষ্টা করব।’ তবে টেলর যা-ই বলুন, শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ব্যাটিং তাকিয়ে থাকবে তাঁর দিকেই। জিম্বাবুয়ের পক্ষে সর্বশেষ ৫টি ওয়ানডে সেঞ্চুরিই এসেছে টেলরের ব্যাট থেকে।উইকেটের সঙ্গে এই সিরিজে বুলাওয়ের আবহাওয়াও সিরিজে প্রভাবক হয়ে দাঁড়াতে পারে। শীত এখনো পুরোপুরি না নামলেও সকালবেলার আবহাওয়াটা শীতের মতোই। তা ছাড়া পরশু সকালের বৃষ্টিও ঠান্ডা বাড়িয়েছে কিছুটা। টেলরের চিন্তায় আছে এটাও, ‘আমার মনে হয় এই মৌসুমটাও একটা বড় ভূমিকা রাখবে। সময়টা শীতের না হলেও সকালের দিকে ব্যাটসম্যানদের সমস্যা হতে পারে।’