টেলিভিশন ক্যামেরাহীন এক সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে বিশ্বযুদ্ধ-পূর্ব ও বিশ্বযুদ্ধ-উত্তর দুটি ভাগ আছে। তবে ক্রিকেট ইতিহাসে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভাগ—টেলিভিশনের আগে ও পরে। টেলিভিশনের পরে কী, সেটি সবারই জানা। আগে কী ছিল, সেটি ভাবতে গেলে বিস্ময় লাগে। একটু অবিশ্বাসও কি জাগে না?টেলিভিশনে সরাসরি সম্প্রচার শুধু ক্রিকেট নয়, সব খেলার ইতিহাসই পাল্টে দিয়েছে। শৌখিন থেকে পেশাদারে উত্তরণের পথেও টেলিভিশনের বড় ভূমিকা। আমাদের প্রাত্যহিক ক্রীড়াচর্চাতেও। টেলিভিশনে সরাসরি খেলা দেখে এমনই অভ্যাস হয়েছে, এর ব্যতিক্রম কিছু হলে খুব শূন্য শূন্য লাগে। এই অনুভূতিটা এই বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে নিশ্চয়ই খুব ভালো টের পাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, অথচ মাঠে টিভি ক্যামেরা নেই। মাঠে দুই আম্পায়ার নামছেন, নিজেদের বারবার মনে করিয়ে দিতে হচ্ছে, একটু অমনোযোগী হলেই সর্বনাশ। এখানে রানআউট-স্টাম্পিংয়ের সিদ্ধান্ত অন্য কারও ওপরে চাপিয়ে দেওয়ার উপায় নেই। টেলিভিশনে খেলাই দেখানো হচ্ছে না তো টিভি আম্পায়ার আসবেন কোত্থেকে! ইউডিআরএসের এই যুগে একটু কেমন-কেমনই লাগে!বেলফাস্টের যেখানে এই মাঠটা, এই এলাকাটার নাম স্টরমন্ট। মাঠের নাম সিভিল সার্ভিস ক্রিকেট গ্রাউন্ড। এই সব দেশে ক্লাব যেমন হয়, এটিও তেমন এক ধরনের ক্রীড়া কমপ্লেক্স। অ্যাস্ট্রোটার্ফ বসানো একটি হকি মাঠ ও একটি ফুটবল মাঠ। ঘাসের টেনিস কোর্টগুলো উইম্বলডনের কথা মনে করিয়ে দেয়। সবকিছুর মধ্যে এমন একটা এলায়িত ভঙ্গি যে যেন টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া। যখন খেলা হতো খেলার আনন্দে। টেলিভিশন ক্যামেরার অনুপস্থিতির বড় ভূমিকা এই অনুভূতি জাগানোতে।ক্লাবের মূল ভবনে ড্রেসিংরুম আছে। তবে সেখান থেকে খেলা দেখা কঠিন। সেই ব্যবস্থা হয়েছে বাউন্ডারি লাইনের পাশে ছোট্ট তাঁবু খাটিয়ে। সেখানেই বসছেন দুই দলের খেলোয়াড়-কর্মকর্তারা। প্রেসবক্সও তাঁবু। ল্যাপটপ-ইন্টারনেট আধুনিক যুগের কথা মনে করিয়ে দিচ্ছে। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের মিডিয়া ম্যানেজার যখন সাংবাদিকদের ‘রাখি’ পরিয়ে দিচ্ছেন, তখন সেই পুরোনো যুগে ফিরে যাওয়ার অনুভূতি। বুকে ঝোলানো অ্যাক্রিডিটেশন কার্ডের কোনো বালাই নেই, ওই কাগজের রিস্টব্যান্ডটাই সাংবাদিকের পরিচয়পত্র!দর্শকদের মধ্যে যেমন ডাবলিন থেকে বাসবোঝাই করে আসা প্রবাসী বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ, প্রেসবক্সেও (যদি ওই তাঁবুটাকে প্রেসবক্স বলা যায়!) বাংলাদেশের জয়জয়কার। এই সিরিজ কাভার করতেই বাংলাদেশ থেকে ১১ জন সাংবাদিক, ভাবা যায়! টেলিভিশনে খেলা না-দেখানোর ভুক্তভোগী তাঁরাও। সময় পার্থক্যের কারণে খেলা চলার সময়ও লিখতে হয়, কিন্তু টেলিভিশন নেই বলে মাঠে কোনো কিছু মিস হয়ে গেল তো গেল! অভ্যাসবশত রিপ্লে দেখতে চোখ আশপাশে টেলিভিশন খুঁজতে থাকে। তার পর বাধ্য হয়ে ক্রিকইনফো, সেটিও কি আর নির্ভরযোগ্য! স্থানীয় এক সাংবাদিক লাইভ কমেন্টারির দায়িত্বে। প্রথম ম্যাচে জিয়াউর রহমানের ছয়-টয় সব নাসির হোসেনের নামে চলে যাচ্ছিল!টেলিভিশনে খেলা সম্প্রচারিত হচ্ছে না বলে ক্রিকেট আয়ারল্যান্ডেরও খুব মন খারাপ। ক্রিকেট এখানে অন্য খেলার চাপের পিষ্ট। কিশোর-তরুণদের ক্রিকেটে টানতে টেলিভিশনে খেলা থাকাটা খুব জরুরি। এই সিরিজটা টেলিভিশনে না থাকার অনেকগুলো কারণ। আয়ারল্যান্ডের ক্রিকেট সম্প্রচার স্বত্ব স্কাই স্পোর্টসের। স্কাইয়ের চুক্তির বাধ্যবাধকতা হিসেবেই দুই বছর পরপর ইংল্যান্ড আয়ারল্যান্ডে খেলতে আসে। তা টিভিতে সম্প্রচারিতও হয়। গত মাসে এই মাঠে বৃষ্টিতে ভেসে যাওয়া অস্ট্রেলিয়ার ম্যাচটিও দেখিয়েছে স্কাই। এই সিরিজটা এমন অনিশ্চয়তা ছিল যে স্কাইকে দোষও দিতে পারছে না ক্রিকেট আয়ারল্যান্ড। তা ছাড়া ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ রেখে স্কাইয়ের এদিকে তাকানোর উপায় কী! স্থানীয় স্পোর্টস চ্যানেল সেটান্টা আইরিশ ওপেন গলফ দেখাচ্ছে। ক্রিকেটের চেয়ে তাদের দর্শকদের কাছে যা হাজার গুণ গুরুত্বপূর্ণ। ক্রিকেট আয়ারল্যান্ডের বিপণন ব্যবস্থাপক অ্যান্ড্রুস লিওনার্ড জানালেন, বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা নাকি অনেক দূর এগিয়েছিল। কিন্তু বিনিময়মূল্যটার সঙ্গে টিভি সম্প্রচারের পেছনে প্রচুর খরচের অঙ্কটা মেলেনি বলে সেটি ভেস্তে গেছে।কারণ তো জানলেন। তবে বাংলাদেশের খেলা না-দেখতে পারাটা এমনই দুঃখ যে এত সব ব্যাখ্যাতেও সেটির উপশম হবে বলে মনে হয় না।