টেলিভিশন ভাঙেননি, দাবি পন্টিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছাকৃতভাবে নয়, দুর্ঘটনাবশত সাজঘরে রাখা টেলিভিশন সেট ক্ষতিগ্রস্ত হয়েছে—এমনটাই দাবি করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।ঘটনাটা গত সোমবারের। অভিযোগ উঠেছে, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে এমপফুর দুর্দান্ত থ্রোতে রানআউট হওয়ার পর নিজেকে সামাল দিতে পারেননি পন্টিং। রাগে গড়গড় করতে করতে সাজঘরে আসেন। এসেই ব্যাট দিয়ে আঘাত করে সেখানে রাখা একটি দামি এলসিডি টেলিভিশন ভেঙে ফেলেন অসি অধিনায়ক! এ ঘটনায় পন্টিংকে আচরণবিধি ভাঙার প্রথম পর্যায়ের অভিযোগে অভিযুক্ত করেছে আইসিসি।‘আমি জানি না, এসব গল্প কোথা থেকে এসেছে। আইসিসি এ ঘটনায় আমাকে তিরস্কার করেছে, তা মেনে নিয়েছি আমি। শুধু এ কথা পরিষ্কার করতে চাই, আমার ক্রিকেট ব্যাটের আঘাতে টেলিভিশনটি ভাঙেনি।’ সাংবাদিকদের আজ বলেন পন্টিং।তাহলে কীভাবে ভাঙল টেলিভিশন? দুদিন আগেও তো অস্ট্রেলিয়া দলের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, টেলিভিশন ভাঙার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পন্টিং! ঘটনাটা খোলাসা করেছেন অসি অধিনায়ক নিজেই, ‘আমার ক্রিকেট সরঞ্জাম রাখার বাক্সের আঘাতে টেলিভিশনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। আমি তাত্ক্ষণিকভাবে তা দলের ম্যানেজারকে জানালে সেটি পাল্টে নতুন টেলিভিশন দেওয়া হয়। দুই দিন ধরে যেভাবে ঘটনাটা তুলে ধরা হয়েছে, তা সঠিক নয়।’ক্রিকেটে সাজঘরকে ‘পবিত্র’ স্থান হিসেবে দেখা হয়। ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত যা-ই হোক, এমন একটা ঘটনা ঘটা প্রশ্নে অনেকটা ক্ষমাপ্রার্থনার মতো করে পন্টিং বলেছেন, ‘এটা নিছক দুর্ঘটনা। উদ্দেশ্যমূলক কিছু ছিল না। তবে সাজঘরের মতো জায়গায় এমন কোনো ঘটনা ঘটা উচিত নয়। কাউকেই এখানকার আচরণ-সীমা অতিক্রম করা উচিত নয়।’ ওয়েবসাইট।