টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ভেট্টোরি
ঘোষণাটা দিয়ে রেখেছিলেন আগেই—অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিশ্বকাপের পর। সেই ঘোষণার ‘একটা অধ্যায়’ সুখের হলো না ডেনিয়েল ভেট্টোরির। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের শেষ টেস্ট সিরিজ ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজে হারের ব্যথা নিয়ে টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে হলো ভেট্টোরিকে।ঘোষণার ‘একটা অধ্যায়’ বলার কারণ, সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার এখনো বাকি। বিশ্বকাপের পরই চূড়ান্তভাবে টস করার দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেবেন ভেট্টোরি। টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর কিউই অধিনায়কের সরল প্রতিক্রিয়া, ‘প্রায় সাড়ে তিন বছর আগে সিদ্ধান্তটি নিয়ে রেখেছিলাম আমি। লক্ষ্য ছিল, বিশ্বকাপের পর সরে দাঁড়ানোর। এখনো একই অবস্থানে আছি।’টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেও ভেট্টোরি জানিয়েছেন, খেলা চালিয়ে যাবেন তিনি। ‘টেস্ট ক্রিকেট খেলার একটা অংশ। আর আমি এটা উপভোগ করি। যত দিন সম্ভব, খেলা চালিয়ে যেতে চাই। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে আরও অনেক কিছু অর্জন করতে চাই আমি’—ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন ভেট্টোরি।২০০৭ সালের নভেম্বরে স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হন ভেট্টোরি। এই দীর্ঘ অধিনায়কত্বের মূল্যায়ন প্রশ্নে ৩১ বছর বয়সী ভেট্টোরি বলেন, ‘অনুতাপ-অনুশোচনা থাকবেই। ভালো করতে সবাই চায়। আমি কেমন করেছি, তা অন্যরা মূল্যায়ন করবে। তবে আমি মনে করি, আমি আমার সবকিছুই দিয়েছি।’ রয়টার্স।