টেস্ট অধিনায়কত্বের জন্য প্রস্তুত গম্ভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের শিরোপা জিতিয়ে আত্মবিশ্বাসে বলীয়ান গৌতম গম্ভীর। আজ শনিবার তাঁর মুখে থেকে বেরিয়ে এসেছে ভারতের টেস্ট অধিনায়কত্বের জন্য তিনি প্রস্তুত। আর এ দায়িত্বকে মহিমাময় দাবি করে গম্ভীর বলেছেন, এ দায়িত্ব তাঁর কাঁধে চাপলে বর্তে যাবেন তিনি।‘অবশ্যই টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করা বিরাট এক সম্মান। আমি এই গুরুদায়িত্বের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটি একটি চ্যালেঞ্জও। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। এ দায়িত্ব আপনার মানসিক শক্তির একটা বিরাট পরীক্ষা।’ বলেছেন গম্ভীর।বেশ কিছুদিন ধরেই ভারতের টেস্ট অধিনায়কত্ব নিয়ে আলোচনাটা খুব চাউর। টেস্ট অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির ব্যর্থতা ও বীরেন্দর শেবাগের অনুপযোগিতা নিয়েও আলোচনাটা খুব তীব্র। এমন অবস্থায় গৌতম গম্ভীরকেই ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখার আগ্রহটা সবার মধ্যে প্রবল হয়েই দেখা দিয়েছে। অধিনায়ক হিসেবে কলকাতাকে আইপিএলের শিরোপা জিতিয়ে সেই আগ্রহকে আরও উসকে দিয়েছেন গম্ভীর।এসব আলোচনা, বিতর্ক তাঁর কানেও পৌঁছেছে বলে জানিয়েছেন গম্ভীর। তিনি বলেন, ‘ওসব কথাবার্তা শুনেই আমি মন্তব্য করেছিলাম, “একটি দল ততটাই ভালো যতটা ভালো সেই দলের অধিনায়ক”।’ তিনি বলেন, ‘একটি সফল দলই একজন সফল অধিনায়কের জন্ম দেয়। কোনো অসফল দলের অধিনায়ক ব্যক্তিগতভাবে সফল হতে পারে না।’ভারতের হয়ে ১৩৪টি ওয়ানডে ও ৪৮টি টেস্ট খেলে ফেলার পরেও এখনো দলে নিজের অবস্থান নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন গৌতম গম্ভীর। ব্যাপারটি নাকি সেই অনূর্ধ্ব-১৪ দলের হয়ে খেলার সময়ে তাঁর মধ্যে ঢুকে যায়। ভালো খেলতে না পারলে দল থেকে বাদ পড়তে হবে—এই আতঙ্ক তাঁর মধ্যে নাকি এতটাই প্রবল যে এখনো প্রতিটি ম্যাচকে নিজের শেষ ম্যাচ হিসেবে ভেবেই খেলতে নামেন গম্ভীর। গম্ভীর বলেন, ‘এ পর্যায়ে ক্রিকেট খেলার পরেও দুই-তিনটি ম্যাচে রান না পেলে আমার মনে হয় দল থেকে বাদ পড়ে যাব। ব্যাপারটি আমার মনোজগতকে আচ্ছন্ন করে ফেলে। সারাক্ষণ ওই বিষয়টি নিয়েই ভাবতে থাকি আমি।’অতিরিক্ত ক্রিকেট একেবারেই উপভোগ করেন না গম্ভীর। খেলাটা তাঁর কাছে অগ্রাধিকার। এই খেলায় মাঠে নেমে সবচেয়ে সেরা ফলটাই প্রত্যাশা থাকে তাঁর। অধিনায়ক হলে এ ব্যাপারটিই সবার মধ্যে ছড়িয়ে দেন তিনি। দলের স্থান নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তিনি বোঝেন, এ ব্যাপারটি খেলোয়াড়দের জন্য কতটা মানসিক দুশ্চিন্তার কারণ হয়। সে কারণে অধিনায়ক দলে তিনি খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তার একটা আবেশ ছড়িয়ে দিতে চান।আইপিএল বন্ধ করে দেওয়ার যে কথা উঠেছে, তাতে মোটেও সায় নেই এই বাঁ-হাতি ব্যাটসম্যানের। বরং তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন, আইপিএল বন্ধ করার মতো কথাবার্তা না বলা। তিনি বলেন, আইপিএলে যথেষ্ট মানসম্মত ক্রিকেটের চর্চা হয়। এ বছরের আইপিএলে অনেক ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে। আইপিএল ভারতীয় ক্রিকেটারদের মানসম্মত ক্রিকেট চর্চার প্ল্যাটফর্ম দিয়েছে। সুতরাং, অতি দ্রুত এসব কথাবার্তা বন্ধ হওয়া দরকার। গম্ভীরের মতে, মাঠের বাইরে যদি কোনো ঘটনা ঘটে তাতে ক্রিকেট ও ক্রিকেট সংশ্লিষ্টদের কোনো দায় থাকা উচিত নয়। আইপিএলে খেলা শুরু করেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। এখন খেলছেন কলকাতা নাইটরাইডার্সের হয়ে। ব্যাপারটির নেপথ্য কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ‘দিল্লি ডেয়ারডেভিলস আমাকে রাখতে চায়নি বলেই দল ছেড়েছিলাম। এতে আমার কোনো ভূমিকা নেই। তারা ওপেনিংয়ে কেবল বীরেন্দর শেবাগকে রাখতে চেয়েছিল। আমাকে নিলামে তোলা হয়। নিলামে আমাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।’ ওয়েবসাইট।