টেস্ট অভিষেকের অপেক্ষায় কামিন্স
ইতিহাসের হাতছানি ১৮ বছর বয়সী প্যাট্রিক কামিন্সের সামনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে যদি অভিষিক্ত হন, তিনিই হবেন গত ছয় দশকের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে অল্পবয়সী টেস্ট ক্রিকেটার। দুই টেস্ট সিরিজের জন্য কাল অস্ট্রেলিয়ার নির্বাচকেরা যে দল ঘোষণা করেছেন, তাতে আছেন নিউ সাউথ ওয়েলসের তরুণ এই ফাস্ট বোলার। ১৯৫২-৫৩ ক্রিকেট মৌসুমে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৭ বছর ২৯৩ দিন বয়সে টেস্ট অভিষিক্ত হয়েছিলেন ইয়ান ক্রেগ। আর ৯ নভেম্বর কেপটাউনে সিরিজের প্রথম টেস্ট শুরুর দিন প্যাট কামিন্সের বয়স হবে ১৮ বছর ১৮৫ দিন।বলতে গেলে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জেতা দলটিকেই রেখে দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। পরিবর্তন শুধু একটিই—জেমস প্যাটিনসনের জায়গায় প্যাট কামিন্স। কামিন্সের প্রথম শ্রেণীর ক্রিকেট অভিজ্ঞতাও খুব বেশি নয়। মাত্র ৩টি ম্যাচ খেলে নিয়েছেন ৯ উইকেট। চলমান দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে এক ওভারেই ৩ উইকেট নেওয়া কামিন্স দ্বিতীয় ম্যাচে দুই ওভারের ওপেনিং স্পেলে নেন ২ উইকেট। এএফপি, ওয়েবসাইট।অস্ট্রেলিয়া টেস্ট দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন (সহ-অধিনায়ক), মাইকেল বিয়ার, ট্রেন্ট কোপল্যান্ড, প্যাট্রিক কামিন্স, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, ফিল হিউজ, মাইক হাসি, মিচেল জনসন, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, রিকি পন্টিং ও পিটার সিডল।