টেস্ট-ওয়ানডের অধিনায়কত্বও ছাড়ছেন জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। আগামী বছরের শুরুতে শ্রীলঙ্কান ক্রিকেটে নতুন দিনের আহ্বান জানাতে অ্যাঞ্জেলো ম্যাথুজের কাছে ওয়ানডে ও টেস্ট দলের অধিনাকত্ব তুলে দিতে চান তিনি।এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক কাল হোবার্টে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি আর অধিনায়কত্ব করতে চাই না।’ কিছুটা রসিকতার সুরে আরও বলেছেন, ‘আশা করছি ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো জরুরি বার্তা আমি পাব না।’৩৫ বছর বয়সী জয়াবর্ধনে ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন। ওই বিশ্বকাপে শ্রীলঙ্কা ফাইনালে উঠেছিল। ফাইনালে অবশ্য তারা হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ২০১১ সালের বিশ্বকাপেও শ্রীলঙ্কা ফাইনাল খেলেছিল, কুমার সাঙ্গাকারার অধিনায়কত্বে। যদিও সেবারও শেষটা সুখের হয়নি লঙ্কানদের। গত বিশ্বকাপের পরপরই সাঙ্গাকারা অধিনায়কত্ব ছেড়ে দেন তিলকরত্নে দিলশানের কাছে। তবে দলের বাজে পারফরম্যান্সের কারণে সমালোচিত দিলশান এ বছরের শুরুতে অধিনায়কত্ব ফিরিয়ে দেন জয়াবর্ধনের কাছে। জয়াবর্ধনের নেতৃত্বে শ্রীলঙ্কা ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেরও ফাইনালে খেলে। ওয়েস্ট ইন্ডিয়ান বীরত্বে এবারও স্বপ্ন ভঙ্গ হয় লঙ্কানদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন অ্যাঞ্জেলো ম্যাথুজ।অধিনায়কত্বে উত্তরসূরি হিসেবে জয়াবর্ধনের পছন্দ অ্যাঞ্জেলো ম্যাথুজ। তিনি বলেন, ‘ম্যাথুজ কেবল আমার নয়, দলের সবাই তাঁকে ভবিষ্যত্ অধিনায়ক হিসেবে ভেবে রেখেছে। গত দুই-তিন বছরে সে একজন বিশ্বমানের অলরাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তুলেছে।’জয়াবর্ধনে বলেন, ‘প্রথম দুই-এক বছর হয়তো অধিনায়কত্বটা ম্যাথুজের জন্য কঠিন হবে। তবে এই সময় আমরা সিনিয়র খেলোয়াড়েরা তাঁকে শিখিয়ে-পড়িয়ে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে পারব।’ রয়টার্স।