টেস্ট ক্যাপের কাছাকাছি বেয়ারস্টো
কারও পৌষ মাস, কারও সর্বনাশ। রবি বোপারার চোট সৌভাগ্য বয়ে আনল জনি বেয়ারস্টোর জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন বেয়ারস্টো। ইংল্যান্ড পাঁচ বোলার নিয়ে খেলার সিদ্ধান্ত না নিলে টেস্ট ক্যাপও পেয়ে যাবেন ২২ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান। উইজডেন ট্রফির প্রথম টেস্ট শুরু লর্ডসে বৃহস্পতিবার। বোপারার দুঃস্বপ্নের শুরু গত বছর থেকে। টেস্ট দলে জায়গা পাকা করার ইচ্ছায় আইপিএলের ডাকে সাড়া দেননি। কিন্তু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে দলে ডাক পেলেন এউইন মরগান। পরে জোনাথন ট্রটের চোটে দুটি টেস্টে খেলার সুযোগ হলেও ব্যাটিংয়ের পর্যাপ্ত সুযোগই পাননি। আবারও জায়গা হারালেন টেস্ট দলে। শ্রীলঙ্কায় মরগান বাজে ফর্মের কারণে বাদ পড়লে আবারও সম্ভাবনা জাগে বোপারার। কিন্তু পিঠের চোটের কারণে তখন ব্যাটিং করতে পারলেও বোলিং করতে পারছিলেন না। বোলিংয়ে বিকল্পের কথা ভেবে নেওয়া হয় সামিত প্যাটেলকে। এবার সামিত বাদ, কিন্তু বোপারার বাধা আবারও চোট। সাসেক্সের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পেলেন ঊরুতে। অভিষেক হলে বেয়ারস্টো খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে, উইকেটের পেছনে দাঁড়াবেন ম্যাট প্রায়র। ওয়েবসাইট।