টেস্ট ক্যারিয়ারে মনোযোগ পন্টিংয়ের
বেশ কিছুদিন ধরেই ওয়ানডেতে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না রিকি পন্টিং। এ বছরের শেষ পাঁচটি ইনিংসের কোনোটিতেই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। পরিণামে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়তে হয়েছে দলের দুবার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ককে। তবে এতে একেবারেই হতাশ নন পন্টিং। বরং ওয়ানডে দল থেকে বাদ পড়াটা তাঁর টেস্ট ক্যারিয়ারকে আরও প্রলম্বিত করবে বলেই আশা করছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার নির্বাচকদের সিদ্ধান্তটা তাঁর টেস্ট ক্যারিয়ারের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মত দিয়েছেন রিকি পন্টিং। গতকাল ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমার টেস্ট ক্যারিয়ারের দৈর্ঘ্য আরও বাড়তে পারে। আমি মনে করি না যে এই সিদ্ধান্ত আমার টেস্ট ক্যারিয়ারে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে। বরং এটা আমাকে আরও তরতাজা হওয়ার সুযোগ করে দেবে। ক্যারিবিয়ায় আমরা অনেকগুলো ম্যাচ খেলতে পারব। তারপর আমাদের লড়তে হবে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। এরপর অ্যাশেজও খুব বেশি দূরে নয়।’ আর কখনো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে সুযোগ না-ও মিলতে পারে, এমনটা অনুমান করেই ফেলেছেন পন্টিং। তবে তা নিয়ে খুব বেশি আক্ষেপও নেই সাবেক অসি অধিনায়কের। তিনি বলেছেন, ‘আমার বয়স এখন ৩৭ বছর। আমি নিশ্চিত নই, তবু বলি, যদি দলের ১০ জনের বেশি ক্রিকেটার একসঙ্গে ইনজুরির কবলে না পড়ে, তাহলে আমার ওয়ানডে দলে ফেরার আর কোনোই আশা নেই। তবে টেস্ট দলে থেকেই আমি সন্তুষ্ট।’ পিটিআই।