টেস্ট ক্রিকেট গুরুত্বহীন হয়ে পড়বে: হোল্ডিং
সত্যিই দুর্দিন যাচ্ছে টেস্ট ক্রিকেটের। মাঠে দর্শক নেই, ক্রিকেটারদের খেলতে হয় অনেকটা শূন্য মাঠে। ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও আগের মতো দেখা যায় না। অনেকের আবার টানা পাঁচ দিনব্যাপী খেলার প্রতি অনীহা। টি-টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে তুলনা করলে ক্রিকেটের সবচেয়ে পুরোনো এই ফরম্যাট এক কথায় নিষ্প্রাণ! বাস্তবতা বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংয়ের আশঙ্কা, কয়েক বছরের মধ্যেই গুরুত্বহীন হয়ে পড়বে টেস্ট ক্রিকেট।‘আগামী পাঁচ বছর পরও টেস্ট ক্রিকেট থাকবে। কিন্তু এটা গুরুত্বহীন হয়ে পড়বে। এটা দুঃখের, খুব দুঃখের’—এক সাক্ষাত্কারে বলেছেন হোল্ডিং।অনেকে অভিযোগ করেন, সাম্প্রতিক সময়গুলোতে অনেক বেশি টেস্ট খেলা হচ্ছে। ফাস্ট বোলারদের ইনজুরিতে পড়া থেকে দূরে রাখতে টেস্টের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দেন অনেকে। মাইকেল হোল্ডিংও এ বিষয়ে একমত, ‘ফাস্ট বোলারদের অনেক বেশি টেস্ট খেলতে হয়। কিন্তু ঘণ্টাপ্রতি ৯০ মাইল বেগে বোলিং করে এত ম্যাচ খেলা অসম্ভব। ম্যাচের সংখ্যা বেশি নয়, বরং মানের দিকটা সবার লক্ষ্য করা উচিত।’ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০টি টেস্টে অংশ নিয়েছেন হোল্ডিং। শিকার করেছেন ২৪৯ উইকেট। নিজের অভিজ্ঞতা থেকে এই কিংবদন্তি ফাস্ট বোলার বলছেন, ‘টেস্ট ক্রিকেট খেলা অনেক কষ্টের। ফাস্ট বোলারদের পক্ষে বেশিক্ষণ খেলায় টিকে থাকা কঠিন।’ ওয়েবসাইট।