টেস্ট ক্রিকেট ছাড়লেন মালিঙ্গা
পাঁচ দিনের ক্রিকেট এমনিতেই ফাস্ট বোলারদের জন্য ধকলের। দিনের পর দিন টানা বোলিং করে যাওয়া। তার ওপর ডান হাঁটুর অবস্থাটা ভালো নয়। ক্যারিয়ারের স্বার্থে টেস্ট ক্রিকেটটাই ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।‘আমি টেস্ট ক্রিকেটে ফিরতে অনেক চেষ্টা করেছি। দলের ম্যানেজমেন্ট ও নির্বাচকদের অনুরোধে তিন বছর বিরতির পর ভারতের বিপক্ষে গত বছর ফিরেছিলাম। কিন্তু এটা আমার হাঁটুর অবস্থাটা আরও খারাপ করে দিয়েছে। বুঝতে পেরেছি, টেস্ট ক্রিকেটের ভার বয়ে চলা আমার পক্ষে সম্ভব নয়। অনেক ভেবে-চিন্তেই আর টেস্ট ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি’—টেস্টকে বিদায় জানিয়ে বলেছেন মালিঙ্গা।২০০৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় লাসিথ মালিঙ্গার। তবে বেশির ভাগ সময় টেস্ট ক্রিকেট থেকে দূরে থেকেছেন তিনি। দীর্ঘ সাত বছরে মাত্র ৩০টি ম্যাচে অংশ নিয়েছেন, শিকার করেছেন ১০১ উইকেট। মালিঙ্গার দৃষ্টি জুড়ে এখন শুধুই সীমিত ওভারের ক্রিকেট। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে নিজেই বলেছেন, ‘সীমিত ওভারের ক্রিকেট যত দূর সম্ভব খেলে যেতে চাই আমি। আমার লক্ষ্য ২০১২ সালের টি-টোয়েন্টি ও ২০১৫ সালের বিশ্বকাপ।’ ওয়েবসাইট।