টেস্ট ক্রিকেট থেকে বডি বিল্ডিং

ডেভিড লরেন্সের নামটা জানার কথা নয় এখনকার ক্রিকেটপ্রেমীদের। ইংলিশ ক্রিকেট অঙ্গনে লরেন্স কিন্তু খুব অখ্যাত কেউ নন। বরং এক ক্রিকেটীয় ট্র্যাজেডির সঙ্গে তাঁর নামটি আষ্টেপৃষ্ঠেই জড়িয়ে আছে। টেস্ট ক্রিকেট খেলতে নেমে ভয়াবহ এক চোটের শিকার হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। যে চোট তাঁকে নিয়ে গিয়েছিল পঙ্গুত্বের হাতছোঁয়া দূরত্বে । তীব্র ইচ্ছাশক্তির গুণে সেই লরেন্সই এত বছর পর নাম ছড়ালেন একজন বডিবিল্ডার হিসেবে। টেস্ট ক্রিকেট থেকে বডিবিল্ডিং—ব্যাপারটা বেশ অদ্ভুতই।
ইংল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট খেলেছেন লরেন্স। ১৯৯২ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্টে তিনি চোট পান তাঁর হাঁটুতে। ভয়াবহ সেই চোটে তাঁর হাঁটু ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাঁর চোটের ধরন এতটাই ভয়াবহ ছিল যে, চিকিৎসকেরা নাকি আশঙ্কা করেছিলেন তাঁর আশু পঙ্গুত্বের। ক্রিকেট তো ছাড়তে হয়েছিলই, দীর্ঘ দিন অন্যের সাহায্য নিয়েই চলতে হয়েছে তাঁর। আধুনিক চিকিৎসা বা সুচিকিৎসা যা-ই বলা হোক না কেন, সেটা পেয়ে লরেন্স ফিরেছেন স্বাভাবিক জীবনে।
ক্রিকেটহীন, প্রায় পঙ্গুত্বের জীবনটা ছিল ভয়াবহ কষ্টের। বিশেষ করে মাঠের লোক হিসেবে বিছানায় শুয়ে থাকা কিংবা ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করার ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। জীবন চালাতে বেছে নিয়েছিলেন নাইটক্লাব ব্যবসায়। কিন্তু তাতে কী আর মন ভরে ক্রীড়ামনস্ক লরেন্সের!
ক্রীড়ামনস্ক মনই তাঁকে নিয়ে আসে বডিবিল্ডিংয়ে। চিন্তা করে দেখেছিলেন, হাঁটুর চোট যেহেতু তাঁর দৌড়ানোর ক্ষমতা কেড়ে নিয়েছে, তাই এমন কিছুতে নাম কামাবেন যা তাঁর জীবনে এনে দেবে খেলাধুলার আবহ।
বডিবিল্ডিংকে বেছে নিলেন এমন চিন্তা থেকেই। প্রচুর পরিশ্রম আর চেষ্টার পর তিনি এখন মোটামুটি নামকরা বডিবিল্ডারই। ব্রিটিশ বডিবিল্ডিংয়ে তিনি এ বছর অর্জন করেছেন ষষ্ঠ স্থান। আগামীতে তাঁর লক্ষ্য নাকি চ্যাম্পিয়নশিপ!