টেস্ট ক্রিকেটের আরেকটি বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন শেষে যে টেস্ট ম্যাচের কপালে ম্যাড়মেড়ে এক ড্র লেখা হয়ে গিয়েছিল—সেই ম্যাচই কি না পঞ্চম দিনে হয়ে উঠল এমন রোমাঞ্চের আধার! দুই বল বাকি থাকতেও সম্ভব ছিল সম্ভাব্য চারটি ফলাফলই। শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে ম্যাচ। তবে মুম্বাই টেস্টে জয়ী কিন্তু ছিলই। সেই জয়ীর নাম টেস্ট ক্রিকেট।এ মাসের শুরুতে বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের সেই দুর্দান্ত রান তাড়া (চতুর্থ ইনিংসে ৩৬৬ রান তাড়া করে ৩৩১), নাটকীয়তায় ভরা দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ, এরপর মুম্বাইয়ে শেষ দিনের নাটক—টেস্ট ক্রিকেট কতটা রোমাঞ্চকর হতে পারে, তারই পরপর কয়েকটি প্রদর্শনী উপহার পেল ক্রিকেট-বিশ্ব।রবিচন্দ্রন অশ্বিনের কাছে টেস্ট ক্রিকেট আরও বেশি ভালো লাগছে। অভিষেক টেস্টের পর তৃতীয় টেস্টেও ম্যান অব দ্য ম্যাচ, সঙ্গে ম্যান অব দ্য সিরিজ—চেন্নাইয়ের ২৫ বছর বয়সী তরুণ যে যাচ্ছেন স্বপ্নযাত্রার মধ্য দিয়ে। পরশু শেষ বলে ২ রান নিতে পারলে আরও পূর্ণতা পেত তাঁর সব পাওয়ার অনুভূতি।অশ্বিন অবশ্য এ জন্য আক্ষেপ করছেন না, ‘প্রথম রানটা হওয়ার পরই দেখি, বল আমার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। তখনই বুঝতে পেরেছি কোনোভাবেই দ্বিতীয় রান নিতে পারব না। জিততে পারলে অবশ্যই ভালো হতো। কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়েছি। যা হয়েছে, তাতেই আমি খুশি।’হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ দিনে বলতে গেলে এক পায়ে বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। একই কারণে ড্যারেন স্যামি তো শেষ দিনে বোলিংই করতে পারেননি। এই ড্রকে তাই জয়ের সমানই মনে হচ্ছে উইন্ডিজ অধিনায়কের, ‘শেষের দিকে অনেক ভাবনা এসে ভিড় করছিল মাথায়। টাই টেস্টের কথাটাও একবার মনে পড়ে গেল। কাভারে দাঁড়ানো কার্ক এডওয়ার্ডসের সঙ্গে আমি কথা বলছিলাম। ও বলছিল, “জয় অথবা ড্র, জয় অথবা ড্র, আমরা হারব না।” ছেলেদের আত্মবিশ্বাস ছিল এমনটাই। প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছি, তারপর ম্যাচ হারলে সেটা খুব হূদয়বিদারক হতো।’ওয়াংখেড়েতে প্রথম তিন দিনে যেখানে মাত্র উইকেট পড়েছিল ১৩টি, চতুর্থ দিনে ৯টি, শেষ দিনেই সেখানে পড়েছে ১৭ উইকেট! উইকেট হঠাৎ কীভাবে এমন টার্নিং হয়ে গেল, বাড়তি বাউন্স কোথা থেকে এল—এটা সবার জন্যই এক রহস্য। বুঝতে পারছেন না মহেন্দ্র সিং ধোনিও। তবে একটা দাবি জানিয়েছেন ভারতের অধিনায়ক, ‘মুম্বাইয়ে পঞ্চম দিনের উইকেটে খেলার পর আমি চাই, ভারতে প্রতিটি টেস্টেই যেন প্রথম দিন থেকে বল টার্ন করে। এতে প্রতিপক্ষের ড্রেসিংরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে, নিজেদেরও ভালো পারফর্ম করার একটা তাড়না তৈরি হয়। এমন হলেই তো খেলাটা জমে।’শুধু শেষ দিনের টার্নিং উইকেটও তো খেলাটাকে কম জমিয়ে তুলল না। ওয়েবসাইট।