টেস্ট চ্যাম্পিয়নশিপের বিলম্বে ক্ষুব্ধ স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা অনেক দিন ধরেই বলে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০১৩ সালে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল আইসিসি। কিন্তু গত সোমবার এই আয়োজনটি পাঁচ বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আর এই সিদ্ধান্তটা একেবারেই মানতে পারছেন না গ্রায়েম স্মিথ। সামগ্রিকভাবে এটা গোটা ক্রিকেট অঙ্গনকেই ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।গতকাল স্মিথ সাংবাদিকদের বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এতে ক্রিকেট অঙ্গনেরই ক্ষতি হবে। আইসিসির অবশ্যই এই সিদ্ধান্ত নেওয়ার কারণ থাকতে পারে। কিন্তু পাঁচ বছর সময়টা সত্যিই দীর্ঘ। পাঁচ বছরে পুরো একটা প্রজন্মকেই বিদায় নিতে হতে পারে। ক্রিকেটার হিসেবে আমাদের চাওয়া যে আইসিসি এই খেলাটার অগ্রগতির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তটা নেবে। কিন্তু এ ক্ষেত্রে সেটা হয়েছে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।’ পিটিআই।