টেস্ট থেকে ক্যালিসের আকস্মিক বিদায়!

ডিসেম্বর ১৪, ১৯৯৫। ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল জ্যাক ক্যালিসের। ২০ বছর বয়সী তরুণ ক্যালিসের চোখে সেদিন খেলা করছিল রাজ্যের স্বপ্ন। ঠিক ১৮ বছর পর, একই ডারবানে সেই ডিসেম্বরেই ক্যালিস শেষ করবেন তাঁর বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার। আজ অপ্রত্যাশিতভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন পরিসংখ্যান বিবেচনায় সর্বকালের সফলতম এই অলরাউন্ডার। অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি আরও কিছুদিন খেলে যাবেন এই ৩৮ বছর বয়সী।
ক্রিকেট জীবনের সব স্বপ্ন কি পূরণ হয়ে গেল, নাকি ছুঁয়ে ফেলল ক্লান্তি? এসব প্রশ্নের উত্তর পাওয়া ভার। তবে ক্যালিস নিজে বলছেন, দীর্ঘ দেড় যুগের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে দেওয়া তাঁর নিজের জন্যই ছিল কঠিন এক সিদ্ধান্ত, ‘এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কদিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। দলও এখন সাফল্যের আনন্দে ভাসছে। ভাবলাম, এটাই সঠিক সময়। তবে এটাই চূড়ান্ত বিদায় নয়। যদি ফিট থাকি ও পারফর্ম করতে পারি, তাহলে ২০১৫ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়েও খেলার জন্য আমি মুখিয়ে থাকব। গত দুটি বছর অসাধারণ কিছু ক্রিকেটারদের সঙ্গে স্মরণীয় সময় কাটিয়েছি। টেস্ট ক্যারিয়ার শেষ করছি এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে খেলে। একঝাঁক প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে খেলে ক্যারিয়ারের ইতি টেনে দেওয়াটাকে সৌভাগ্যই মনে করছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই সব বন্ধুরা, যাদের কথা আমার বহুদিন মনে থাকবে।’
গ্যারি সোবার্স নাকি ক্যালিস—সর্বকালের সেরা ক্রিকেটার কে? এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে পরিসংখ্যানের বিবেচনায় ক্যালিস ছাপিয়ে গেছেন সোবার্সকেও। ১৬৫ টেস্টে ৫৫.১২ গড়ে রান ১৩ হাজার ১৭৪। শতক ৪৪টি, অর্ধশতক ৫৮টি। বল হাতে নিয়েছেন ২৯২ উইকেট। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি সোবার্স ৯৩ টেস্টে ৫৭.৭৮ গড়ে রান করেছিলেন ৮ হাজার ৩২। নিয়েছেন ২৩৫ উইকেট।
ক্যালিসের ঘোষণাটি অনেকের কাছেই চমক হয়ে এসেছে। বিশেষ করে টেস্টের সর্বকালের সর্বোচ্চ রানের মালিকদের তালিকায় যখন তিনি আর কিছু দূর এগোলেই অন্তত দুইয়ে উঠে যেতেন নিশ্চিত। বর্তমানে এই তালিকার চারে থাকা ক্যালিস আর ২০৫ রান করলেই জায়গা পাবেন টেন্ডুলকারের পেছনে। আরও দুটো ইনিংসে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন। কিন্তু ২ হাজার ৭৪৭ রান দূরে থাকা টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে আরও যতটা পথ হাঁটতে হতো, ক্যালিস ভেবেছেন, সেটা তাঁর পক্ষে সম্ভব নয়। উঠতি ক্রিকেটারদের পথ আটকে বসে থাকতে চাননি।
সবচেয়ে বড় কথা, ইদানিং সেই ক্যালিসকে চেনাই যাচ্ছিল না। সর্বশেষ ১৬ ইনিংসে মাত্র তিনটি ফিফটি। গত চার ইনিংসেই দুবার আউট হয়েছেন শূন্য রানে। সর্বশেষ টেস্টেও ছিলেন ব্যর্থ (০ ও ৩৪)। সরে যাওয়ার সময় যে এসে গেছে, ক্যালিস সেটা বুঝতে পারছিলেন ঠিকই। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি যে আকস্মিক, তাতে কোনো সন্দেহ নেই।
সিরিজের মাঝপথেই এমন আকস্মিকভাবে অবসর নেয়ার উদাহরণ নতুন নয়। দুদিন আগেই ক্যালিসের মতো পূর্বাভাস ছাড়াই ‘অবসর’ বোমা ফাটিয়েছিলেন ইংল্যান্ডের সফলতম অফস্পিনার গ্রায়েম সোয়ান। সিরিজের মাঝপথে অবসরের আরও ঘটনা রয়েছে। ২০০৬-০৭ অ্যাশেজের মাঝপথে এভাবে আচমকা বিদায় নিয়েছিলেন ডেমিয়েন মার্টিন। একটি ক্যাচ গ্লাভস ছাড়া হওয়া মাত্রই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সিরিজের মাঝপথে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী, বিদায় নিয়েছিলেন অনিল কুম্বলেও।
দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সেরা ক্রিকেটারটির আংশিক বিদায়ের ঘোষণায় শুরু হয়ে গেছে শ্রদ্ধার্ঘ নিবেদন। দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে জ্যাকের প্রভাব অপরিমেয়। কেবল খেলোয়াড় হিসেবেই নয়; একই সঙ্গে ভালো মানুষ হিসেবেও। আমি নিশ্চিত নই তার মতো আর কোনো খেলোয়াড় শিগগির আমরা দেখব কি না।’
ক্যালিসকে প্রশংসাবন্যায় ভাসিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী হারুন লরগতও। তিনি ক্যালিসকে ‘রক অব জিব্রাল্টার’ হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, ‘বহুদিন ধরেই তিনি ছিলেন এক অদম্য ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক সময়ের বড় বড় সাফল্য এসেছে তাঁর হাত ধরেই। তিনি কিংবদন্তি।’