টেস্ট থেকে মালিঙ্গার অবসর
‘দেশে ফেরো’। আইপিএল থেকে ফিরে আসার নির্দেশ দেওয়ার পরদিনই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন লাসিথ মালিঙ্গা। ডান হাঁটুর চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছিল। শ্রীলঙ্কার এই ডানহাতি ফাস্ট বোলার জানিয়েছেন, ‘ক্যারিয়ার-ঘাতক’ এই চোট নিয়ে টেস্ট খেলা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে যাবেন এই ২৭ বছর বয়সী।‘ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলার জন্য আমি যথেষ্ট ফিট। কিন্তু আমার ডান হাঁটুর অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। আমাকে তাই সাবধানে খেলে যেতে হবে’—এক বিবৃতিতে জানিয়েছেন মালিঙ্গা।আন্তর্জাতিক ক্যারিয়ারে গত সাত বছরে ৩০টি টেস্ট খেলেছেন। এর মধ্যে মাঝখানে প্রায় তিন বছর ছিলেন টেস্ট দলের বাইরে। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে তাঁর টেস্ট প্রত্যাবর্তনটাও ঠিক স্মরণীয় হয়নি। মালিঙ্গা জানিয়েছেন, ‘এই চোট আমি প্রথম পেয়েছিলাম অস্ট্রেলিয়া সফরে ২০০৮ সালে। ওই চোটের কারণে ১৬ মাস ওয়ানডেও খেলতে পারিনি। চোটটা ছিল ক্যারিয়ারঘাতী। আমার অস্ট্রেলীয় চিকিৎসক তো এমনও বলেছেন, ‘অস্ট্রেলিয়ার অন্য অ্যাথলেটদের এই চোটের কারণে ক্যারিয়ার শেষ হয়ে যেতেও তিনি দেখেছেন। আমি নাকি খুবই ভাগ্যবান। জাতীয় দলের ফিজিও আর আমার ব্যক্তিগত চিকিৎসকও পরে বলেছেন, দীর্ঘ মেয়াদে ফিল্ডিং কিংবা বোলিং করলে আমার অবস্থার অবনতিই হবে।’বিতর্কের শুরু শ্রীলঙ্কার প্রধান নির্বাচক দিলীপ মেন্ডিসের একটি মন্তব্য নিয়ে। তিনি বলেছিলেন, টেস্ট দল থেকে ছুটি চেয়ে আবেদন করার পরও মালিঙ্গা যে আইপিএলে খেলে যাচ্ছে—এটা তাঁদের জন্য বিব্রতকর। এর আগের দিনই খবর বেরোয়, জাতীয় দলকে বাদ দিয়ে ক্রিস গেইল আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ বনাম ব্যক্তিস্বার্থ—প্রশ্নটি আবারও চলে আসে সামনে। তবে মালিঙ্গার পক্ষে দাঁড়ান হার্শা ভোগলে। টুইটারে তিনি মন্তব্য করেন, ‘কেন মালিঙ্গা বলছে না যে তাঁর শরীর চার ওভার বল করার জন্য ফিট, টেস্টের জন্য নয়।’বিতর্কের ইতি টেনে দিতেই হয়তো মালিঙ্গা বিবৃতি দিয়ে অবসর নিয়ে নিলেন। আইপিএল নয়, নিজের ক্যারিয়ার বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাঁর, ‘তিন বছর বিরতির পর গত বছর আমি টেস্ট ক্রিকেটে ফিরেছিলাম টিম ম্যানেজমেন্ট ও জাতীয় দলের নির্বাচকদের অনুরোধে। কিন্তু আবারও দুই মাসের জন্য মাঠের বাইরে যেতে হয়। টেস্ট ক্রিকেটে অনেক পরিশ্রম করতে হয়। সেখানে একজন ফাস্ট বোলারকে ১৫ ওভারের বেশি বোলিং করতে হয়। কখনো কখনো টানা কয়েক দিন খেলে যেতে হয়, যেটা স্থায়ী চোটের কারণ হতে পারে। খুব ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। এতে করে ২০১২ টি-টোয়েন্টি এবং ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও আমি খেলতে পারব।’ ওয়েবসাইট।