টেস্ট দল থেকে শেবাগ বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজ শুরুর আগেই বাদ পড়েছিলেন গৌতম গম্ভীর। এবার বাদ পড়লেন ভারতের সবচেয়ে সফল ওপেনিং জুটির অপরজন বীরেন্দর শেবাগও। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত শেষ দুই টেস্টের দলে জায়গা পাননি ভারতের হয়ে ১০৪টি টেস্ট খেলা এই ওপেনার। তবে শেবাগের বদলে নেওয়া হয়নি নতুন কাউকে। ১৪ মার্চ শুরু মোহালি টেস্ট মুরালি বিজয়ের সম্ভাব্য ওপেনিং সঙ্গী তাই শেবাগেরই দিল্লি-সতীর্থ শিখর ধাওয়ান। তবে অজিঙ্কা রাহানেও সুযোগ পেয়ে যেতে পারেন। গত নভেম্বরে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেই দুই বছরের সেঞ্চুরি-খরা কাটিয়েছিলেন শেবাগ। এরপর অবশ্য আবার ব্যর্থতার বৃত্তে ফিরে গেছেন ভারতের সর্বোচ্চ তিনটি টেস্ট ইনিংসের মালিক। সর্বশেষ ৯ ইনিংসে মাত্র ১৬৩ রান করার পরই নেমে এল খড়্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুটি টেস্ট হবে ১৪-১৮ মার্চ মোহালি এবং ২২-২৬ মার্চ দিল্লিতে। ওয়েবসাইট।