
সংবাদ সম্মেলন করে দল ঘোষণার রীতি বাংলাদেশের ক্রিকেট থেকে মাঝে প্রায় উঠেই গিয়েছিল। কিন্তু প্রধান নির্বাচক ফারুক আহমেদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দল ঘোষণার পক্ষে। দায়িত্বে আবার ফেরার পর মিরপুরে কাল সংবাদ সম্মেলন করেই তিনি আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের দল দিলেন, জানালেন খেলোয়াড় নির্বাচনে বর্তমান নির্বাচক কমিটির দর্শনও।
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে দুটি পরিবর্তন এনে গড়া হয়েছে প্রথম টেস্টের ১৪ সদস্যের দল। এনামুল হক (বিজয়) ও নাঈম ইসলাম দলে নেই। দুই বছর পর দলে ফিরেছেন ইমরুল কায়েস। সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত ব্যাটসম্যান শামসুর রহমানও। এর আগে ২০১০ সালের ইংল্যান্ড সফরে জলবসন্তে আক্রান্ত সাকিব আল হাসান আর কবজির চোটে ভোগা তামিম ইকবালের বিকল্প হিসেবে সিরিজের মাঝপথে টেস্ট দলে যোগ দিয়েছিলেন শামসুর। লর্ডস টেস্টে ফিল্ডিং করতে নেমে ভূমিকা রেখেছিলেন ম্যাট প্রায়রের রানআউটেও।
দলে দুটি পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ তুলে ধরেছেন তাঁর দল নির্বাচনের দর্শন, ‘ফর্ম একটা ব্যাপার। সেটাও এক-দুই ম্যাচের নয়, এই দুই ব্যাটসম্যান ছয় মাস ধরেই ভালো খেলছে। আর এরা দলে নতুন আসেনি, অভিজ্ঞ।’ পারফরম্যান্সের সঙ্গে অভিজ্ঞতাই প্রাধান্য পাবে, এনামুলের বাদ পড়া প্রসঙ্গে সেটা আরও পরিষ্কার করেছেন ফারুক, ‘আমি এখনো মনে করি, বিজয় (এনামুল) খুবই সম্ভাবনাময় খেলোয়াড়। সেও টেস্ট খেলতে পারে। কিন্তু গত ছয় মাসে অভিজ্ঞরা ভালো খেলেছে। এই মুহূর্তে যারা ফর্মে আছে এবং অভিজ্ঞতা বেশি, আমরা তাদেরই দীর্ঘ পরিসরের ক্রিকেটে সুযোগ দিতে চাচ্ছি।’
তবে অভিজ্ঞ হয়েও নাঈমের বাদ পড়ার কারণটা ভিন্ন, ‘এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মাহমুদউল্লাহ আর নাঈমের মধ্যে। শ্রীলঙ্কা দলে তিনজন বাঁহাতি ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ খেললে অধিনায়কের সুযোগ থাকবে সোহাগ গাজীর সঙ্গে আরেকজন অফ স্পিনার নেওয়ার। দীর্ঘ পরিসরে নাঈমের চেয়ে ভালো বোলিং করতে পারে মাহমুদউল্লাহ।’ তবে নাঈমের হতাশ হওয়ার কিছু নেই। নির্বাচকদের চিন্তায় তিনি ভালোমতোই আছেন বলে জানিয়েছেন ফারুক।
এ জায়গায় আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন ফরহাদ রেজা। ফারুক নিজেই বলেছেন, বোলিং বৈচিত্র্য আর ব্যাটিংয়ের জন্য দল নির্বাচনী টেবিলে এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে লম্বা আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত টেস্টের জন্য না হলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে ফরহাদ ভালোভাবেই বিবেচনায় আছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
মধ্যাঞ্চলের হয়ে বিসিএলের প্রথম চার দিনের ম্যাচটি কোনো সমস্যা ছাড়াই খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে দলে নেই তিনি এবং থাকার কথাও নয়। মাশরাফি নিজেও মনে করেন না, এখনই টেস্টে ফেরার সময় হয়েছে তাঁর। চার দিনের ম্যাচ ঠিকঠাকভাবে খেলতে পারাটাকে সুসংবাদ মনে করলেও ফারুক তাই বলেছেন, ‘আমরা এখনো মনে করছি না যে টেস্টে সে (মাশরাফি) খেলতে পারবে। ঘরোয়া ম্যাচে আপনি চাইলে বল করলেন, না চাইলে করলেন না। কিন্তু টেস্টে যখন খেলবেন, তখন বলা যাবে না বল করতে পারব না। ২৫-৩০ ওভারও বল করতে হতে পারে। ওই অবস্থায় ও এখনো আসেনি।’
গত নিউজিল্যান্ড সিরিজের দুই টেস্টে সুযোগ পেয়ে চার ইনিংসে রান করেছেন মাত্র ১০৬। তার পরও দলের স্থিতিশীলতা ধরে রাখার স্বার্থেই মার্শাল আইয়ুবকে আরেকটি সুযোগ দেওয়া। ‘আমার মনে হয়, সর্বশেষ টেস্টে বড় ইনিংস খেলতে না পারলেও সে ভালো নৈপুণ্য দেখিয়েছে। আমরা চাই একজন তরুণ খেলোয়াড়। যখন সুযোগ পায়, সে যেন নিজেকে প্রমাণ করতে পারে’—বলেছেন ফারুক। জাতীয় দলের বাইরেও বাঁহাতি স্পিনারদের লাইনটা বেশ লম্বা। তাদের মধ্যে সাকলাইন সজীব বা তরুণ তাইজুল ইসলামের মতো অনেকেই আছেন নির্বাচকদের দৃষ্টিসীমায়। তার পরও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এখনো রাজ্জাকের বিকল্প মনে করা হচ্ছে না কাউকেই, ‘এ মুহূর্তে রাজ্জাকই এগিয়ে, তার অভিজ্ঞতা একটা বড় কারণ। গত চার দিনের (বিসিএলে) ম্যাচেও সে ভালো বল করেছে। তা ছাড়া, দল বানানোর সময় কোচ, অধিনায়কেরও মতামত নেওয়া হয়। তাদের সঙ্গে আলোচনা করেই আমাদের মনে হয়েছে এটা বেস্ট অপশন।’
প্রথম টেস্টের বাংলাদেশ দল মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।