টেস্ট দলে ফিরলেন জহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ টেস্টটা খেলেছিলেন গত ডিসেম্বরে, দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। এর পর থেকেই দলের বাইরে জহির খান। এমনকি কিছুদিন আগে ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নবায়ন করা চুক্তিতেও রাখা হয়নি বাঁহাতি এই পেসারকে। তবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হতে যাওয়া দুই টেস্টের সিরিজে আবারও দলে ফিরছেন জহির। রঞ্জি ট্রফিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার দিলেন তাঁকে ‘সন্দ্বীপ পাতিল অ্যান্ড কোং’। মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে তিন ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। ১৭ জনের টেস্ট দলে নতুন মুখ ডানহাতি ব্যাটসম্যান অম্বাতি রায়ডু।
জহিরের মতোই বিসিসিআইয়ের চুক্তিতে উপেক্ষিত বীরেন্দর শেবাগ ও হরভজন সিং। এ দুজনের কেউই দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট কিংবা ওয়ানডে দলে ডাক পাননি। কাল দল ঘোষণার আগের দিন দিল্লির হয়ে সেঞ্চুরি করলেও জায়গা হয়নি ওপেনার গৌতম গম্ভীরের। মাস খানেক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বেধড়ক মার খেয়ে বাদ পড়া পেসার ইশান্ত শর্মা আবারও ডাক পেয়েছেন ওয়ানডে দলে!
৫ ডিসেম্বর জোহানেসবার্গে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। একই মাঠে ১৮ ডিসেম্বরে শচীন টেন্ডুলকার যুগ-পরবর্তী প্রথম টেস্টে খেলতে নামবে ভারত। দ্বিতীয় টেস্টটি ডারবানে ২৬ ডিসেম্বর থেকে। ওয়েবসাইট।
টেস্ট দল
ধোনি, বিজয়, ধাওয়ান, পূজারা, কোহলি, রোহিত, রাহানে, অশ্বিন, ভুবনেশ্বর, যাদব, সামি, জাদেজা, জহির, রায়ডু, ঋদ্ধিমান, ইশান্ত, ওঝা।
ওয়ানডে দল
ধোনি, ধাওয়ান, রায়না, কোহলি, রোহিত, রাহানে, যুবরাজ, অশ্বিন, ভুবনেশ্বর, সামি, রায়ডু, যাদব, ইশান্ত, মোহিত, জাদেজা, মিশ্র।