টেস্ট দলে শফিউল ও জিয়াউর
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ডাক পেলেন মিডিয়াম ফাস্ট বোলার শফিউল ইসলাম ও অলরাউন্ডার জিয়াউর রহমান। দুই পেসার রুবেল হোসেন ও শাহাদাত হোসেনের ‘ব্যাক আপ’ হিসেবে তাঁদের দলে নিয়েছেন নির্বাচকেরা। ক্রিকইনফো জানিয়েছে, আজ রোববার রাতেই হারারের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে শফিউল ও জিয়াউরের।জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে কাঁধে চোট পান রুবেল। অন্যদিকে হাঁটুর ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতেই পারেননি শাহাদাত। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে তাঁরা কেউই পুরো ফিটনেস অর্জন করতে পারবেন না। এ কারণেই দলে ডাকা হয়েছে শফিউল ও জিয়াউরকে। রুবেল-শাহাদাত ছাড়াও সংশয় রয়েছে তামিম ইকবালের ফিটনেস নিয়ে। প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টে খেলার ব্যাপারে আশাবাদী তামিম। যদিও এখন পর্যন্ত তাঁর অংশ নেওয়া, না-নেওয়া নিশ্চিত নয়। শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দলে ছিলেন জিয়াউর। তবে এখনো এই অলরাউন্ডারের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। শফিউল সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গত বছরের ডিসেম্বরে, ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে।জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে বাংলাদেশ। গতকাল শেষ হওয়া প্রথম টেস্টে ৩৩৫ রানের বড় ব্যবধানে হেরে যায় মুশফিকুর রহিমের দল। সেটাও আবার টেস্টের মাত্র চার দিনের মাথায়। সিরিজ হার ঠেকাতে হলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই।