টেস্ট দলে সোহাগ-হাসান
অপেক্ষার পালা শেষই হচ্ছে না। বারবার নির্বাচকদের দুয়ারে কড়া নাড়ছেন, বারবারই ডুবছেন হতাশায়। ভারতের শাফি দারাশাহ চার দিনের ম্যাচের ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ ১৮ উইকেট পেয়েছিলেন, চলতি জাতীয় লিগেও প্রথম দুই ম্যাচে ১২ উইকেট। অথচ এনামুল হক জুনিয়রকে আবারও ‘না’ বলে দিল নির্বাচক কমিটি!ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ নভেম্বর শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের ১৪ জনের দলে নেই বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এই বাঁহাতি স্পিনার। আছেন নতুন দুজন—আবুল হাসান ও সোহাগ গাজী। অফ স্পিনার সোহাগের এই প্রথম জাতীয় দলে অন্তর্ভুক্তি। আবুল হাসান অবশ্য চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।কাল হুট করেই সংবাদ সম্মেলন করে প্রথম টেস্টের দল ঘোষণা করলেন নির্বাচকেরা। বিকেএসপিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচটা দুই দিনের করার চেষ্টাও বিফল হওয়ার পর অপেক্ষা করার আর কোনো মানেও ছিল না। ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন কাল মাঠ পরিদর্শনে গিয়েছিলেন বিসিবির প্রতিনিধিদের সঙ্গে। কিন্তু মাঠের অবস্থা খেলার উপযোগী মনে হয়নি। দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে পাশে রেখে দল ঘোষণার সংবাদ সম্মেলনে এটা নিয়ে হতাশাও প্রকাশ পেল আকরাম খানের কণ্ঠে, ‘তিন দিনের ম্যাচটা হলে ভালো হতো। দু-একটা জায়গা দেখার দরকার ছিল। ম্যাচ না হওয়ায় আমরা খেলোয়াড়দের সুনাম (রেপুটেশন), সর্বশেষ টেস্টের পারফরম্যান্স আর অভিজ্ঞতা বিবেচনায় এনে দল করেছি।’গত বছর জুনে দায়িত্ব নেওয়ার পর আকরাম খানের নেতৃত্বাধীন কমিটি এবারই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করল। প্রথম সংবাদ সম্মেলনে খুব তির্যক কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি নির্বাচকদের। এনামুল জুনিয়রের বাদ পড়ার প্রসঙ্গটা উঠেছিল, আকরাম যেন সহমর্মিতাই জানালেন তাঁর প্রতি, ‘দেড়-দুই বছর ধরে ও দুর্দান্ত খেলছে। কিন্তু বাঁহাতি স্পিনারদের ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বিতাটা খুব বেশি। দলে সাকিবের সঙ্গে আর একজনের বেশি বাঁহাতি স্পিনার রাখা সম্ভব নয়। এদিক দিয়ে সর্বশেষ টেস্টে ভালো বল করে এগিয়ে গেছে সানি।’সর্বশেষ টেস্টে ভালো করার তথ্যটা অবশ্য ঠিক নয়। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় সর্বশেষ টেস্টে প্রথম ইনিংসে ৯৫ রানে ১ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে বলই করার সুযোগ পেয়েছিলেন মাত্র ৫টি, তাতে ১ উইকেট। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে অবশ্য ৯৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন। সানির পক্ষে হয়তো কথা বলেছে, গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, যেটিতে চট্টগ্রামে অভিষেক ইনিংসেই নিয়েছিলেন ৬ উইকেট। ‘সর্বশেষ টেস্ট’ বিবেচনাটা কেন যেন এনামুলের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের গ্রেনাডায় তাঁর সর্বশেষ টেস্টে তিন-তিন ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এনামুলকে অবশ্য আরও একবার আশার বাণী শুনিয়েছেন প্রধান নির্বাচক, ‘ও আমাদের বিবেচনায় আছে। সে রকম পরিস্থিতি হলে অবশ্যই তার সুযোগ হবে।’সোহাগ গাজী জাতীয় লিগের দুই ম্যাচে ১১ উইকেট নিয়েছেন, রান করেছেন ১৪০। একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের বিরল কীর্তিও গড়েছেন। এর সঙ্গে একাডেমি আর ‘এ’ দলের হয়ে গত তিন-চার বছরের পারফরম্যান্সও প্রভাবক হয়েছে তাঁর সুযোগ পাওয়ায়। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানের পর টেস্ট দলে আসা প্রথম বিশেষজ্ঞ অফ স্পিনার সম্পর্কে আকরাম বললেন, ‘তিন-চার বছর ধরেই ও ভালো বল করছে। ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক বাঁহাতি ব্যাটসম্যান থাকায় আমাদের মনে হয়েছে ওর মতো একজন অফ স্পিনারের দলে প্রয়োজন আছে।’টি-টোয়েন্টির সুবাদে বাংলাদেশ দল চেনা হলেও টেস্ট দলে সুযোগ পাওয়ার খবর শুনে আনন্দে ভেসেছেন আবুল হাসান। জোরে বল করার সামর্থ্য দিয়েই শফিউল আর নাজমুলকে পেছনে ফেলেছেন হাসান, ১৪ জনের দলে সঙ্গী হয়েছেন শাহাদাত ও রুবেলের। ঢাকা বা খুলনার উইকেট জোরে বল কতটা কার্যকর হবে, সে নিয়ে তাঁর নিজেরই কিছুটা সংশয় থাকলেও সুযোগ পেলে হাসান নিজেকে ঢেলে দিতে প্রস্তুত, ‘বাংলাদেশের উইকেটে পেসারদের বল করা কতটা কঠিন, সেটা আপনিও জানেন। তবে আমি সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব ভালো বল করতে।’প্রথম টেস্টের বাংলাদেশ দলমুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, নাজিমউদ্দিন, নাসির হোসেন, ইলিয়াস সানি, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান ও সোহাগ গাজী।