টেস্ট নগর হওয়ার অপেক্ষায় খুলনা
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে কিছু শর্ত জুড়ে দিয়েছিল আইসিসি। এমন কঠিন কোনো শর্ত নয়, বাধা হয়ে ছিল মূলত আবাসন সমস্যাই। সেটির সমাধানও হয়ে গেছে। আগামী ২১ নভেম্বর তাই বাংলাদেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই স্টেডিয়ামের। এর আগে এই স্টেডিয়ামে ৪টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। ২০০৬ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটিও খেলেছিল এখানে। ২০০৬ সালে বগুড়ায় একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ, সে বছরই ঢাকার উপকণ্ঠে ফতুল্লায় আরেকটি। এই ব্যতিক্রম বাদ দিলে এত দিন বাংলাদেশ দল দেশে টেস্ট ম্যাচ খেলেছে শুধু ঢাকা আর চট্টগ্রামেই। এবার সেই ‘ঐতিহ্যে’ ছেদ পড়ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জঘন্য পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কারকাজ চলছে বলে। ড্যারেন স্যামির নেতৃত্বে টানা দ্বিতীয় বছর ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসছে আগামী ৫ নভেম্বর। ১৩ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরুর আগে বিকেএসপিতে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ আছে। ৮ নভেম্বর শুরু সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ বিসিবি একাদশ। বাংলাদেশের হোম সিরিজ মানেই দুটি টেস্ট আর তিনটি ওয়ানডে, গত দুটি সিরিজে যার সঙ্গে যোগ হয়েছে একটি টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি এবারও থাকছে, তবে ব্যতিক্রম হয়ে ওয়ানডে সিরিজ এবার তিন ম্যাচের বদলে পাঁচ ম্যাচের। খুলনায় দ্বিতীয় টেস্টের পর ওয়ানডে সিরিজও সেখানেই শুরু। ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর প্রথম দুটি ম্যাচের আগে খুলনাতেই বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতিমূলক এক দিনের ম্যাচ হবে ২৭ নভেম্বর। ৫, ৭ ও ৮ ডিসেম্বর মিরপুরে শেষ তিনটি ওয়ানডে। ১০ নভেম্বর মিরপুরেই একমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।