টেস্ট নিয়ে আইসিসির ‘টাইমলেস’ ভাবনা
১৯৩৯ সালে ডারবানে ক্রিকেট ইতিহাসের শেষ সময়সীমাবিহীন (টাইম লেস) টেস্টটি খেলেছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রায় ৭০ বছর পর ক্রিকেটের আদি সংস্করণকে আবার ফিরিয়ে আনার কথা ভাবছে আইসিসি। টেস্ট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা ফলাফল নির্ধারণ না হওয়া পর্যন্ত চলতে থাকবে, এমন চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। ২০১৩ সালে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টেস্ট বিশ্বকাপ।গতকাল এক সংবাদ সম্মেলনে লরগাত বলেছেন, ‘অনেক দিন ধরেই আমরা একটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য কাজ করছি। ২০১৩ সালে শীর্ষ চারটি দল নিয়ে এটা আয়োজন করা যাবে বলে আমরা আশা করছি। কিন্তু কোনো ম্যাচ ড্র হলে, কী করা হবে, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে ফাইনাল টেস্টটার ক্ষেত্রে কোনো সময়সীমা থাকবে না। ফলাফল নির্ধারণ না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। কারণ, আমাদের একজন বিজয়ী পেতেই হবে।’ নতুন এই টুর্নামেন্ট টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে অনেক সাহায্য করবে বলেও মনে করছেন তিনি। ইএসপিএন।