টেস্ট পরে, আগে ওয়ানডে!
‘আমি অনেক সফর করেছি। ওয়ানডে ম্যাচগুলো শেষে হলে মানিয়ে নিতে কষ্ট হয়। এটা শুধু আমাদের নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ওয়ানডে সিরিজ আগে থাকলে এমনটা হতো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তুলনামূলক ভালো ক্রিকেটের স্বার্থেই সূচিতে টেস্ট সিরিজটা পরে রাখা উচিত।’ এ অভিমত ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের।হঠাত্ কেন ওয়ানডে সিরিজ আগে রাখার পক্ষে কথা বলছেন স্ট্রাউস? কারণটা অবশ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের চলতি ওয়ানডে সিরিজ। দুর্দান্ত খেলে অ্যাশেজ জয় করলেও ওয়ানডে সিরিজে অসিদের সামনে যে পাত্তাই পাচ্ছে না ইংলিশরা! নিজেদের এই ব্যর্থতার নেপথ্যে স্ট্রাউস দেখছেন প্রতিযোগিতার ফরম্যাটকেই।ইংল্যান্ডের অ্যাশেজ সফরের দৈর্ঘ্য দেখলেই অনেকের ক্লান্তি পেয়ে বসার কথা। লড়াই চলছে তিন মাসেরও বেশি সময় ধরে। ৫ ম্যাচের টেস্ট সিরিজের পর দুটি টি-টোয়েন্টি। সফরের সমাপ্তি হচ্ছে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। এ পর্যন্ত ইংল্যান্ড পিছিয়ে ৫-১ ব্যবধানে। কাল রোববার অনুষ্ঠিত হবে সফরের শেষ ম্যাচ।স্ট্রাউস বলেছেন, টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ওয়ানডে সিরিজে রাখা হলে তা ক্রিকেটার, সমর্থক সবার জন্যই হবে স্বস্তিকর। তবে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ অনেক বেশি দীর্ঘ। ক্রিকইনফো।