টেস্ট বাঁচানোর আর্তি দ্রাবিড়ের
সোনার ডিমপাড়া হাঁসটাকে মেরে ফেলার ঝুঁকিতে পড়ে গেছে ক্রিকেট। এই সতর্কবার্তা দিলেন রাহুল দ্রাবিড়। টেস্ট ক্রিকেট থেকে দর্শকদের মুখ ফিরিয়ে নেওয়ার পেছনে ক্রিকেটের ঠাসবোঝাই সূচিকেই দায়ী করেছেন ভারতের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেস্টে ১৩ হাজারেরও বেশি রানের মালিক আইসিসিকে পরামর্শ দিয়েছেন, সময় এসেছে অর্থহীন সব ওয়ানডে সূচি ছেঁটে ফেলার।বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় স্যার ডন ব্র্যাডম্যান স্মারক বক্তৃতা দিয়েছেন দ্রাবিড়। প্রথম ভারতীয় হিসেবেই শুধু নয়, এই প্রথম অস্ট্রেলিয়ার বাইরের কেউ এই বক্তব্য দেওয়ার সম্মান পেলেন। ওই বক্তৃতায় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিজের শঙ্কার কথা বলেছেন ৩৯ বছর বয়সী দ্রাবিড়। ক্রিকেট থেকে ম্যাচ পাতানো নামক বিষবৃক্ষ উপড়ে ফেলতে সহায়ক হবে এমন কিছু সুপারিশও করেছেন।‘এক সফরে দুটি টেস্ট, সাতটি ওয়ানডে আর গোটা কয়েক টি-টোয়েন্টি—যে দুষ্টচক্রের মধ্যে খেলোয়াড়েরা পড়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। টেস্ট ক্রিকেটই সেরা, ক্রিকেটের এই সংস্করণেই সব খেলোয়াড় খেলতে চায়। টেস্ট ক্রিকেটকে তাই রক্ষা করতে হবে’—বলেছেন দ্রাবিড়।ইদানীং টেস্ট ম্যাচে দর্শক হচ্ছে না। সেদিকে ইঙ্গিত করে দ্রাবিড় বলেছেন, ‘এমন নয় যে আমরা ৬৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম ভরিয়ে ফেলতে পারব টেস্ট ম্যাচগুলোয়। কিন্তু টেস্ট ম্যাচের আবহ তৈরি করার জন্য যত সম্ভব দর্শকদের মাঠে নিয়ে আসতে হবে। শূন্য গ্যালারিতে টেস্ট খেলা হচ্ছে এটা আমরা দেখতে চাই না। আর তা করতে আমাদের এমন টেস্ট খেলতে হবে যেগুলো মানুষ দেখবে।’ বিকল্প হিসেবে দিবারাত্রির টেস্ট আর টেস্ট চ্যাম্পিয়নশিপের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেগুলো গুরুত্ব দিয়ে ভাবারও পরামর্শ দিয়েছেন ‘দ্য ওয়াল’।দর্শক কমছে ওয়ানডেতেও। দ্রাবিড় মনে করিয়ে দিয়েছেন, লোভনীয় টিভি স্বত্বের কারণেই এখন হয়তো বেশি বেশি ম্যাচ খেলানো হচ্ছে। কিন্তু মাঠে দর্শক কমতে থাকলে টিভি সম্প্রচারক আর বিজ্ঞাপনদাতারাও মুখ ফিরিয়ে নেবে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের ভিত আরেকবার নাড়িয়ে দিয়েছে স্পট ফিক্সিং কেলেঙ্কারি। খেলোয়াড়দের অপরাধ থেকে দূরে রাখতে মিথ্যা নির্ণায়ক যন্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন স্টিভ ওয়াহ। দ্রাবিড় এই প্রস্তাবটিও বিবেচনায় রাখতে বলেছেন। এএফপি, রয়টার্স।