টেস্ট ম্যাচের বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট চালু হয় ১৯৭৫ সালে। ২০০৭ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। কিন্তু টেস্ট ক্রিকেটের কী দোষ! ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের বিশ্বকাপে সমস্যা না হলে টেস্ট ম্যাচের বিশ্বকাপ আয়োজনে আপত্তি কোথায়? এ রকম আরও অনেক প্রশ্ন আপনার মাথায় আসতে পারে। আর এসব প্রশ্নের স্থায়ী সমাধান দিতেই ২০১৩ সাল থেকে টেস্ট ম্যাচের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।আইসিসির মুখমাত্র কলিন গিবসন জানিয়েছেন, প্রাথমিকভাবে টেস্ট ম্যাচের বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। আগামী মাসে অনুষ্ঠেয় আইসিসির নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। আর চূড়ান্ত সিদ্ধান্তটি আসতে পারে দুই মাসের মধ্যে।টেস্ট ম্যাচের বিশ্বকাপ আয়োজন কেবল পরিকল্পনাতেই সীমাবদ্ধ নেই। কে প্রথম বিশ্বকাপ আয়োজন করবে, এ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। গিবসন বলেন, ‘২০১৩ সালের প্রথম বিশ্বকাপ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে আয়োজনের সুযোগ দেওয়া হলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে।’আইসিসির টেস্ট খেলুড়ে দেশ ১০টি। কিন্তু সব কটি দল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না-ও পেতে পারে। বিশ্বকাপে আটটি না কি চারটি দলকে খেলার সুযোগ দেওয়া হবে, এ নিয়ে বিতর্ক চলছে। ফলাফল আনার লক্ষ্যে বিশ্বকাপের টেস্ট ম্যাচ ছয় দিনেরও করার চিন্তা-ভাবনা করা হচ্ছে! —টাইমস অব ইন্ডিয়া