টেস্ট-শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই
বিশ্বের সেরা দুই টেস্ট দল মুখোমুখি হচ্ছে টেস্ট-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। রাজত্ব ধরে রাখা আর কেড়ে নেওয়ার লড়াই চূড়ান্ত ধাপে। অথচ মূল আলোচনায় এমন একজন, যে এই লড়াইয়ের অংশই নয়! অস্বাভাবিক কিন্তু বাস্তব।গত কিছুদিনের ঘটনাপ্রবাহ জানা থাকলে বুঝতে সমস্যা হওয়ার কথা নয় কার কথা বলা হচ্ছে। না থেকেও লর্ডস টেস্টের কেন্দ্রীয় চরিত্র কেভিন পিটারসেন। মহাগুরুত্বপূর্ণ এক টেস্টের আগে দলের সেরা ব্যাটসম্যান ও আগের টেস্টের ম্যাচসেরাকে বাদ দেওয়া কতটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, এই প্রশ্ন উঠছে। আবার ব্যক্তির চেয়ে দল বড়—এই মতে বিশ্বাসীর সংখ্যাও কম নেই। সব মিলিয়ে প্রস্তুতির লেজেগোবড়ে অবস্থা। এদিকে টেস্ট-শ্রেষ্ঠত্ব যখন খাদের কিনারায়, সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দারুণ ফর্মেও আছে প্রোটিয়ারা। সব মিলিয়ে আজ শুরু লর্ডস টেস্ট সবদিক থেকেই ১ নম্বরদের মানসিকতার চূড়ান্ত পরীক্ষা। পিটারসেন-উপাখ্যান নিশ্চয়ই দারুণ উপভোগ করেছে দক্ষিণ আফ্রিকানরা। শত্রুরা নিজেদের মধ্যে সংঘাতেই ব্যস্ত, চূড়ান্ত লড়াইয়ের আগে এর চেয়ে বড় স্বস্তি আর কী আছে! জ্যাক ক্যালিস তো সরাসরিই সেটা জানিয়ে দিয়েছেন, ‘পিটারসেন বিশ্বমানের এক ব্যাটসম্যান, বছরের পর বছর ধরে ও সেটা প্রমাণ করে এসেছে। গত টেস্টেও কী অসাধারণ খেলল! ইংলিশরা অবশ্যই ওকে মিস করবে।’ইংলিশরা অবশ্য এটিকে পাত্তা দিতে চাইছে না। সংবাদপত্রের কলামে গ্রায়েম সোয়ান লিখেছেন, ‘একজন মাত্র ক্রিকেটারের না থাকা একটা দলকে দুর্বল করে দেয় না।’ টিম ব্রেসনান আরেক ধাপ এগিয়ে, ‘একজন প্রতিভাবান ব্যাটসম্যানের জায়গায় ঢুকেছে আরেকজন প্রতিভাবান ব্যাটসম্যান, ব্যাপারটা স্রেফ এই তো! আমরা বরং আগের চেয়ে আরও ভালো হতে পারি।’ পিটারসেনের জায়গায় জনি বেয়ারস্টো আসায় দল আরও ভালো হতে পারে, হলফ করে বলা যায় ব্রেসনান নিজেও এটা বিশ্বাস করেন না। আগের টেস্টে অভিষিক্ত জেমস টেলরের সঙ্গে তিন টেস্ট খেলে কিছু করতে না পারা বেয়ারস্টো—ইংল্যান্ডের মিডল-অর্ডার বরং দুর্বল হয়ে গেল অনেকটাই। দক্ষিণ আফ্রিকার এমন কোনো দুর্বলতা তো নেই-ই, বরং ডুমিনি-ডি ভিলিয়ার্সের মতো যাঁরা টেস্টে প্রত্যাশিত রান পাননি, প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন তাঁরাও। ফর্ম তো পক্ষে আছেই, ১ নম্বরের সুবাস পেয়ে আরও তেতে আছে প্রোটিয়ারা। এই তোপ সামলানো কঠিনই হবে সমস্যাজর্জরিত ইংল্যান্ডের। তবে আহত সিংহের হুংকার ছাড়ার উদাহরণও তো কম নেই। ইংলিশ সিংহরা কি পারবে? ওয়েবসাইট।দুজনের মাইলফলক৮ বছর আগে এখানেই টেস্ট ক্যাপ পেয়েছিলেন মাইকেল ভনের হাত থেকে। ১১২ ও ৮৩ রান করে রাঙিয়েছিলেন অভিষেক টেস্ট। আজ সেই লর্ডসেই টেস্ট খেলার সেঞ্চুরি ছুঁতে চলেছেন অ্যান্ড্রু স্ট্রাউস। শততম টেস্টটি আবার ইংল্যান্ড অধিনায়ক হিসেবে তাঁর ৫০তম টেস্টও। ২০০৬ সালে টেস্ট অধিনায়ক হিসেবে গ্রায়েম স্মিথের যাত্রা শুরু এখানেই, আজ অধিনায়কত্বের অসাধারণ একটি মাইলফলকও ছুঁতে যাচ্ছেন। সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হয়ে যাচ্ছেন স্মিথ, পেছনে ফেলছেন অ্যালান বোর্ডারকে (৯৩)। ১০১ টেস্টের ৯৩টিতেই অধিনায়ক ছিলেন স্মিথ, ১টিতে অবশ্য নেতৃত্ব দিয়েছেন আইসিসি বিশ্ব একাদশকে।