টেস্ট সিরিজে থাকছেন চন্দরপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শেষ হয়েছে শিবনারায়ণ চন্দরপল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই দলে দেখা যাবে উইন্ডিজের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানকে। এখনো আনুষ্ঠানিকভাবে টেস্ট দল ঘোষিত না হলেও বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ক্রিকইনফো।বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন চন্দরপল। উইন্ডিজ নির্বাচকেরা তাঁকে বাধ্যতামূলক অবসরে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি। এতে রাজি না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে নেওয়া হয়নি এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে। চন্দরপলের সঙ্গে সঙ্গে ক্রিকেট বোর্ডের রোষানলে পড়েছিলেন ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ানও। তবে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে আবারও দলে ফিরেছেন সারওয়ান।পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে একটা নতুন মুখও দেখা যেতে পারে উইন্ডিজ দলে। গত মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলে অন্তর্ভুক্তির জোরালো আশা জাগিয়েছেন ক্রেইগ ব্রাথওয়েইট। দীর্ঘদিন পর দলে ফিরতে পারেন ফিদেল এডওয়ার্ডস। ২০০৯ সালের ইংল্যান্ড সফরের পর আর দলে দেখা যায়নি এই ফাস্ট বোলারকে। ক্রিকইনফো।