টেস্ট সিরিজে নেই রোচ
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দলে ছিলেন না। তবে ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের রোমাঞ্চ ছুঁয়ে গিয়েছিল তাঁকেও। সতীর্থদের সাফল্যে উজ্জীবিত কেমার রোচ এই তো কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, হতে চান বিশ্বের এক নম্বর বোলার। আর সেই মিশন শুরু করতে চান বাংলাদেশ সফর থেকেই। কিন্তু মিশন শুরুর আগেই পিছু হটতে হলো রোচকে। হাঁটুর চোট বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে দিয়েছে বারবাডিয়ান ফাস্ট বোলারকে। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের ন্যূনতম স্বস্তি বোধ করার অবকাশও নেই। রোচের জায়গা নিয়েছেন বারবাডোজের আরেক ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্ডস।বারবাডোজের ক্লাব ক্রিকেট খেলে প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ সফরের। সপ্তাহ তিনেক আগে সেটিতে খেলার সময়ই চোট পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে। তখনো বাংলাদেশে টেস্ট সিরিজ নিয়ে শঙ্কা জাগেনি। কিন্তু শেষ পর্যন্ত সেটিই তিন থেকে চার সপ্তাহের জন্য খেলার বাইরে ছিটকে দিল রোচকে। এ বছর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট রোচের। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তো সর্বোচ্চই (৭ টেস্টে ৩৯)। কোচ ওটিস গিবসনের তাই রোচকে হারানোটাকে বড় করে দেখারই কথা, ‘এটা অবশ্যই আমাদের জন্য একটি ধাক্কা। গত ১২ মাসে টেস্ট ক্রিকেটে আমাদের জন্য ও ছিল অসাধারণ এক বোলার। অনেক উইকেট এনে দিয়েছে আমাদের।’ শুধু এ বছরই বা কেন, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেই টালমাটাল সময়ে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর থেকেই সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ভরসা রোচ। এই সাড়ে তিন বছরে অনেকটা এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি (২১ টেস্টে ৮২ উইকেট), ৫০ উইকেট আছে আর শুধু ড্যারেন স্যামির (২৪ টেস্টে)।ফিজিওর ধারণা অনুযায়ী, যদি সত্যি তিন-চার সপ্তাহ সময় লাগে, তা হলে এ মাসের শেষ নাগাদ মাঠে ফিরতে পারবেন রোচ। সে ক্ষেত্রে ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলা অসম্ভব নয়। গিবসন বুক বাঁধছেন সেই আশায়, ‘আশা করি, সপ্তাহ তিনেকের মধ্যে ও সুস্থ হতে পারব, হয়তো ওয়ানডে সিরিজে খেলতে পারবে। এর মানে বছর শেষের আগে কিছু ক্রিকেট ও পাবে।’ধাক্কাটা সামলে উঠতে গিবসনকে কিছুটা সাহায্য করছে রোচের পরিবর্তক নামটি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে এডওয়ার্ডসের বাদ পড়াটাই ছিল ছোটখাটো একটা চমক। ব্যাটিং-বোলিং মিলিয়ে টিনো বেস্টের পুনরুজ্জীবিত ক্যারিয়ারের ধাক্কায় জায়গা হারাতে হয়েছিল এডওয়ার্ডসকে। তবে বাংলাদেশে আছে তাঁর তরতাজা সুখস্মৃতি। গত বছর ঢাকা টেস্টে আধঘণ্টার মধ্যে বাংলাদেশের টপ-অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন এই ফাস্ট বোলার। বাংলাদেশের প্রথম ইনিংসে নিজের প্রথম ৫ ওভারেই নিয়েছিলেন ৫ উইকেট। এ কারণেই গিবসন আশা করছেন, রোচ না থাকলেও বোলিং আক্রমণের ধার খুব একটা কমবে না, ‘ফিদেল আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি জয়ী দলে ছিল, বারবাডোজের ক্লাব ক্রিকেটেও বোলিং করছে। ওর বোলিং ফিটনেস তাই চূড়াতেই থাকবে। শেষ পর্যন্ত দলীয় সমন্বয় যেটাই বেছে নেওয়া হোক, রবি রামপল ও টিনো বেস্টের সঙ্গে মিলে এই বোলিং আক্রমণ টেস্ট সিরিজে দারুণ কিছু করবে বলে আমাদের বিশ্বাস।’আগামীকালই বাংলাদেশের উদ্দেশে ঢাকা ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ, এসে পৌঁছানোর কথা ৫ নভেম্বর। ঢাকায় প্রথম টেস্ট শুরু ১৩ নভেম্বর, খুলনায় দ্বিতীয় টেস্ট ২১ নভেম্বর। এরপর আছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি। ওয়েবসাইট।