টেস্ট সিরিজেও দর্শক আশরাফুল
চট্টগ্রামে চলছিল প্রস্তুতি ম্যাচ, ঢাকায় গুঞ্জন। রান পাবেন তো মোহাম্মদ আশরাফুল? থাকবেন তো টেস্ট দলে? কাল দুপুরের মধ্যে দুটোরই উত্তর মিলে গেল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে ১ রান করার পর দ্বিতীয় ইনিংসে আশরাফুল আউট ৩০ রানে। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি আকারে ঘোষিত টেস্ট দলে তাই অবধারিতভাবেই নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে ১৪ সদস্যের এই দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র, আছেন প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি আর ফিফটি করা রকিবুল হাসানও।ওয়ানডে দলে না থাকলেও টেস্ট দলে আশরাফুল থাকবেন, এ রকম গুঞ্জনই ছিল বাতাসে। তবে জাতীয় লিগে পর পর দুই ম্যাচে রান পেতে ব্যর্থ হওয়ায় দলে থাকার অপরিহার্য শর্ত হয়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভালো কিছু করা। সেটাতেও ব্যর্থ হওয়ার পর আশরাফুলের ‘বিশ্রাম’টাই দীর্ঘ হলো আরও। প্রধান নির্বাচক রফিকুল আলমও বলেছেন, ‘সাময়িক ব্যর্থতার জন্য আশরাফুল হয়তো এখন একটু চাপে আছে। আমরা চাই সে খুব তাড়াতাড়ি দলে ফিরুক। ওর ফিরে আসার জন্য যা যা করা দরকার, সবই করা হবে। বিশ্রামটা আশরাফুলের ভালোর জন্যই দেওয়া হয়েছে।’ প্রধান নির্বাচক অবশ্য স্বীকার করেছেন, আশরাফুলের মতো ক্রিকেটারের প্রমাণ করার কিছু নেই। প্রস্তুতি ম্যাচে ভালো খেললেই হয়তো ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দলে জায়গা পেতেন তিনি, ‘রান করলে অবশ্যই সে দলে আসবে। তাকে এখন রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ৩০ রান করলেও সেই আশরাফুলের মতো দেখায়নি তার ব্যাটিং। আগামী ২৬ মার্চ থেকে শারজায় পিসিএল আছে, এরপর ১০ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঢাকায় একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। এরপর জাতীয় লিগের ওয়ানডে। সব মিলিয়ে রানে ফেরার অনেক সুযোগ পাবে আশরাফুল।’জাতীয় দল থেকে সর্বশেষ বাদ পড়ার কদিনের মধ্যেই জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করে দলে ফিরেছিলেন আশরাফুল। তাঁর সামনে এখন প্রায় একই রকম এক উদাহরণ হয়ে দাঁড়িয়ে ওয়ানডে দল থেকে বাদ পড়া আরেক ক্রিকেটার রকিবুল। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ফিফটি করে টেস্ট দলে জায়গা ধরে রাখা এই ব্যাটসম্যানকে অন্যদের জন্য উদাহরণ বলছেন প্রধান নির্বাচক, ‘রকিবুল উদাহরণ হতেই পারে অন্যদের জন্য। এর আগে আশরাফুলও একবার বাদ পড়ার পর জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করে ফিরেছিল। বাদ পড়াদের দলে ফিরতে হলে আশরাফুল-রকিবুলের পারফরম্যান্সের কাছাকাছি অন্তত পারফরম করতে হবে।’ভারতের বিপক্ষে গত হোম সিরিজের টেস্ট দলে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। আর নিউজিল্যান্ড সফরের একমাত্র টেস্টে সুযোগ পাননি দলেই। সেই এনামুল আবার ফিরেছেন দলে। তবে তিনি আর সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক মিলিয়ে তিনজন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার দলে থাকায় এনামুলের খেলাটা নিশ্চিত নয় এবারও। রফিকুলই বলেছেন, ‘কন্ডিশন, ইংল্যান্ড এবং আমাদের শক্তিমত্তা-দুর্বলতা চিন্তা করেই দল করা হয়েছে। দলের মূল স্পিনার সাকিব তো অলরাউন্ডারই। এনামুল বা রাজ্জাকের একজন থাকবে ব্যাকআপ হিসেবে। তাদের মধ্যে কে খেলবে সেটা আগামী দুই দিন প্র্যাকটিস করার পর বোঝা যাবে।’নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ভালো কিছু করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে নিজেকে ফিরে পাওয়ার সম্ভাবনা দেখিয়ে দলে আছেন আফতাব আহমেদও। তার ওপর আস্থা রাখার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক বলেছেন, ‘এই পর্যায়ের ক্রিকেটের সঙ্গে আবার মানিয়ে নিতে শুরু করেছে আফতাব। এই সিরিজের শেষ ওয়ানডেতে সে ভালো খেলেছে। প্র্যাকটিসেও কঠোর পরিশ্রম করছে, চেষ্টা করছে ভালো করার। আফতাব আগে যে মানের ক্রিকেটার ছিল এখন সেটার অনেকটাই কাছাকাছি।’ টেস্ট খেলতে এখন পুরোপুরি প্রস্তুত—নির্বাচকদের এই বিবেচনায় দলে আছেন এখন পর্যন্ত নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলা নাঈম ইসলামও।আগামী ১২ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট ২০ মার্চ থেকে। এই দুই টেস্টে দলের কাছে প্রত্যাশাটাও কাল জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম, ‘প্রত্যাশা একটাই—আমরা চাই দুইটা টেস্টই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। প্রতিটা বলেই যেন ফাইট হয়, এমন চাই।’