টেস্ট সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই চলে গেলেন তিনি

সেঞ্চুরি না পাওয়াটা নিজের কপালের লেখন বলেই মেনে নিয়েছিলেন চেতন চৌহান।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেতন চৌহান বড় একটা আক্ষেপ নিয়েই দুনিয়া ছাড়লেন! প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭৯ ম্যাচ খেলে ১১১৪৩ রান আর ২১টি সেঞ্চুরি করা এই ক্রিকেটার টেস্ট ক্রিকেটে একটিও সেঞ্চুরি পাননি।

কাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান। সুনীল গাভাস্কারের ওপেনিং সঙ্গী হিসেবেই তাঁর বড় পরিচিতি। আশির দশকের শুরুতে সুপারহিট এই জুটি নিয়ে ক্রিকেট ইতিহাসে মনে রাখার মতো এক ঘটনাও আছে। ১৯৮১ সালে মেলবোর্ন টেস্টে ডেনিস লিলির বলে গাভাস্কারের বিরুদ্ধে আম্পায়ার আঙুল তুললে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। বেশ অনেকক্ষণ আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে ক্রিজে ঠায় দাঁড়িয়ে ছিলেন ‘লিটল মাস্টার’। পরে অসন্তোষ নিয়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়াতেই লিলি কোনো এক মন্তব্য করে বসেন। গাভাস্কার ক্ষুব্ধ হয়ে চৌহানকে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে চান। পরে বাউন্ডারি লাইনের কাছে ভারতীয় দলের ম্যানেজার বুঝিয়ে-শুনিয়ে দুজনকে খেলায় ফেরান। ভারত ম্যাচটি শেষ পর্যন্ত জিতলেও ঘটনাটি ইতিহাসে আলোচিত হয়ে আছে।

গাভাস্কারের ওপেনিং সঙ্গী হিসেবে নয়, চৌহান নিজেকে ভারতীয় ক্রিকেটের আরও বড় নাম হিসেবেই পরিচিত করতে পারতেন। কিন্তু কোনো এক দুর্ভাগ্য সেটি হতে দেয়নি। সাতবার আশির ওপরে গিয়েছিলেন, দুবার পেরিয়েছেন নব্বই, কিন্তু তিন অঙ্কের ঘরে আর পৌঁছানো হয়নি তাঁর। ৪০টি টেস্ট খেলে সেঞ্চুরি ছাড়াই ২০৮৪ রান তাঁর। এক সময় সেটি ছিল সেঞ্চুরি ছাড়াই সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড। পরে অবশ্য শেন ওয়ার্ন চৌহানকে এ অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ছাড়িয়ে যান। সেঞ্চুরি ছাড়াই অস্ট্রেলীয় তারকা ১৪৫ টেস্ট খেলে করেছেন ৩১৫৪ রান। ওয়ার্ন না হয় পুরোদস্তুর ব্যাটসম্যান নন। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০-এর ওপরে গড় যে ব্যাটসম্যানের। ভারতের হয়ে নিয়মিত খেলেও চৌহান একটা টেস্ট সেঞ্চুরিও পেলেন না—ভারতীয় ক্রিকেটে এ এক বড় রহস্যই।

চেতন চৌহান (ডানে) যখন রাজনৈতিক নেতা
ছবি: এএফপি

জীবদ্দশায় এ নিয়ে কখনো কোনো আক্ষেপ ছিল না চৌহানের। ব্যাপারটিকে তিনি তাঁর ভাগ্য হিসেবেই মেনে নিয়েছিলেন। ভাগ্যে বিশ্বাসী এ ক্রিকেটার সব সময়ই মনে করতেন বিধাতা কারও জীবন নিয়ে যা ঠিক করে দেন, তার বাইরে যাওয়ার কোনো উপায় তাঁর নেই। টেস্ট ক্রিকেটে একটিও সেঞ্চুরি না পাওয়াকে ঠিক সে দৃষ্টিতেই দেখতেন তিনি, ‘সেঞ্চুরি না পাওয়াটা খুব সম্ভবত আমার কপালেই লেখা ছিল। সত্যি বলছি, এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।’

তিনি রসিকতা করেই ভারতীয় গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমার সেঞ্চুরি না পাওয়া নিয়ে দেখি আমার চেয়ে বাকি আর সবাই আক্ষেপে পোড়েন। আমি দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছি, সুনীল গাভাস্কারের সঙ্গে দীর্ঘদিন ভারতের ইনিংস ওপেন করেছি। আমার তৃপ্তির জায়গা এগুলো।’

গাভাস্কার-চৌহানের ওপেনিং জুটির ৩ হাজারের বেশি রান আছে। একটা সময় ভারতের সবচেয়ে সফল ওপেনিং জুটি ছিল এটি। পরে তাঁদের ৩০১০ রানকে ছাড়িয়ে যায় বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর জুটি (৪৪১২ রান)। চৌহান-গাভাস্কার জুটি ১০০ পেরিয়েছিল ১০ বার। এই রেকর্ডও এখন গম্ভীর-শেবাগের দখলে (১১ সেঞ্চুরি)।

গাভাস্কার-চৌহানের ওপেনিং জুটির ৩ হাজারের বেশি রান আছে। একটা সময় ভারতের সবচেয়ে সফল ওপেনিং জুটি ছিল এটি।

টেস্টে চৌহান সেঞ্চুরির সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন ১৯৮১ সালের অস্ট্রেলিয়া সফরের অ্যাডিলেড টেস্টে। ভারতের প্রথম ইনিংসে ৯৭ রান করার পর ডেনিস লিলির বলে উইকেটকিপার রডনি মার্শের ক্যাচ হয়েছিলেন তিনি। ওই সিরিজের পরের ম্যাচে মেলবোর্নের সেই বিতর্কিত টেস্টে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন চৌহান। এই সিরিজের পর আর মাত্র একটি সিরিজই খেলার সুযোগ পান এই ডানহাতি ব্যাটসম্যান।

প্রয়াত বন্ধু মাঠে সেঞ্চুরি না করতে পারেনি বলে আক্ষেপ গাভাস্কারেরও। গতকাল তাঁর মৃত্যুর পর এক আবেগী প্রতিক্রিয়ায় সে কথাটিই জানিয়েছেন তিনি, ‘দিল্লিতে বড় কোনো ম্যাচ হলেই চৌহানের সঙ্গে দেখা হতো। আলিঙ্গন করে বলতাম, ‘‘চলো দুজন মিলে আরও একটা সেঞ্চুরি জুটি তৈরি করি।’’ হেসে সে জবাব দিত, ‘‘আরে ভাই সেঞ্চুরি তো করো তুমি, আমি না।’’’

গাভাস্কার ভাবতেই পারছেন না চৌহানের সেই রসিকতা এভাবে মিলে যাবে।

আরও পড়ুন