টেস্ট স্বপ্নপূরণ হচ্ছে ওয়ার্নারের
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেকটা ছিল আকস্মিক। এতটাই আকস্মিক, মাঠের ডিজিটাল স্কোর বোর্ডে দেখানোর জন্য তাঁর ছবিই ছিল না স্কোরারের কাছে। সেই স্কোরার ঠিকমতো তাঁকে চিনতেনই না। ২০০৯ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টি-টোয়েন্টি ম্যাচে ৪৩ বলে ৮৯ রানের ইনিংস খেলে নিজেকে চিনিয়ে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার।ওয়ানডে অভিষেক হতেও বিলম্ব হয়নি। তবে টেস্ট খেলা এখনো হয়নি। কিন্তু মাত্র ১০ ম্যাচের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৫৯.৬৬ গড়ে রান তুলে দাবিটা জোরালোই করে রেখেছিলেন। অবশেষে সেই স্বপ্নটাও পূরণ হতে যাচ্ছে ২৫ বছর বয়সী এই বাঁহাতির। সবকিছু ঠিক থাকলে ১ ডিসেম্বর ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হতে পারে ওয়ার্নারের। ১২ জনের ঘোষিত দলে আছেন তিনি।ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার পাঁচ-পাঁচজন খেলোয়াড় বাইরে। শেন ওয়াটসন, রায়ান হ্যারিস, শন মার্শ, মিচেল জনসন ও প্যাট কামিন্স। এটাই দরজা খুলে দিয়েছে কয়েকজন তরুণের সামনে। ওয়ার্নারের পাশাপাশি মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন, বেন কাটিংয়ের মতো তরুণেরাও সুযোগ পেয়েছেন। ওয়েবসাইট।অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ফিলিপ হিউজ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, রিকি পন্টিং, মাইক হাসি, ব্র্যাড হাডিন, পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেমস প্যাটিনসন ও বেন কাটিং।