টেস্ট হারিয়ে ক্ষুব্ধ ওয়াকা
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হবে আর পার্থে খেলা হবে না! এই অভাবনীয় ব্যাপারটিই হতে যাচ্ছে। ২০১৪-১৫ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে পার্থে কোনো টেস্ট নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এই সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা)। হওয়ারই কথা। সর্বশেষ পার্থে টেস্ট হয়নি সেই ১৯৭৬-৭৭ অস্ট্রেলিয়ান মৌসুমে। ভারতের চারটি টেস্ট হবে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও অ্যাডিলেডে।
‘ক্ষতিপূরণ’ হিসেবে পার্থে অতিরিক্ত সীমিত ওভারের ম্যাচ দেওয়া হবে, সিএর এই প্রতিশ্রুতিও ওয়াকার হতাশা কমাতে পারছে না। সংস্থাটির প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যাথুস কাল যেমন বললেন, ‘যদিও সিএ টেস্ট ম্যাচের বদলে অতিরিক্ত সীমিত ওভারের ম্যাচ দিচ্ছে, কিন্তু টেস্ট হারানোর ক্ষতি অপূরণীয়। ওয়াকা ও পশ্চিম অস্ট্রেলিয়ার ক্রিকেটের ওপর এই ক্ষতির প্রভাব হবে গুরুতর। আমরা এই সিদ্ধান্তে যারপরনাই হতাশ।’
২০১৫ বিশ্বকাপ আয়োজনের কারণে ওই মৌসুমে অস্ট্রেলিয়া একটি টেস্ট কম খেলবে বলেই সমস্যাটা হয়েছে। অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী পাঁচটি টেস্ট ভেন্যুর মধ্যে একটিকে তাই বাদ পড়তেই হতো। রয়টার্স।