টেস্টও যেখানে ‘বিনোদনের’
এরাই কি বলে বাংলাদেশ দলের টেস্ট খেলা উচিত না? ২০২০ সালের আগে যে বাংলাদেশ আর ইংল্যান্ডে সিরিজ খেলার সুযোগ পাবে না, সেটা এদের ইচ্ছাতেই? বাংলাদেশের ক্রিকেট নিয়ে হাসি-ঠাট্টা-পরিহাস যারা করে, তাদের মধ্যে এই লোকগুলোও তো আছে!কিন্তু লর্ডসের ছবিটা শোনা কথার সঙ্গে একদমই মিলছে না। সেন্ট জোন্স উড পাতাল রেলস্টেশন থেকে মাঠের দিকে যাওয়া মানুষের প্রতিদিনকার স্রোত, ঝিরিঝিরি বৃষ্টি আর কনকনে হাওয়ার মধ্যেও তৃতীয় দিনের খেলা শুরুর জন্য দর্শকদের অপেক্ষা বরং বাংলাদেশের ক্রিকেটের প্রতি তাদের তুমুল আগ্রহই প্রকাশ করে। বাংলাদেশকে যদি টেস্টে ব্রাত্যই মনে করবে, লর্ডসে না এসে তো ছুটির দিনটা তাঁরা অন্যভাবেও কাটাতে পারতেন!বাংলাদেশ বলে কথা নয়, ইংলিশরা ক্রিকেটের সমঝদার দর্শক। ক্রিকেট হলেই তাঁরা আছেন। তা ছাড়া লর্ডসের দর্শকদের অনেকেই মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্য কার্ডধারী। লর্ডসে যে খেলাই হবে তাঁরা থাকবেন। প্রবাসী বাংলাদেশি দর্শকও আছেন কিছু। অন্য দর্শকদের বেশির ভাগের কাছেই বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখাটা আসল উপলক্ষ নয়। কেউ আসেন ছুটির দিনটা কাটাতে, কেউ বা ইংলিশ ক্রিকেটারদের কাছ থেকে দেখার জন্য। স্থানীয় একজন কলেজ-শিক্ষক অ্যান্ড্রুর সঙ্গে কথা হলো কাল সকালে। ভদ্রলোকের মাঠে আসার কারণ ছেলে জেমসের ‘টেস্ট অভিষেক’ ঘটানো, ‘ও (পাশে দাঁড়ানো ১০-১১ বছরের সন্তানকে দেখিয়ে) আমার ছেলে জেমস। আমি নিয়মিত মাঠে এলেও ও কখনো মাঠে এসে টেস্ট দেখেনি। আজই প্রথম লর্ডসে এল।’যার যে উদ্দেশ্যই থাকুক, লর্ডসে দর্শক এবার একটু বেশি। ২০০৫ সালে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্য দিতে আসা আতহার আলী খানেরও সেটাই মনে হচ্ছে, ‘আগেরবারের চেয়ে অনেক বেশি দর্শক এবার। বাংলাদেশ হোমে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে, ইংল্যান্ডও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এতেই মানুষের আগ্রহ বেড়েছে মনে হয়।’ এমসিসি কোনো টেস্টেরই পঞ্চম দিনের টিকিট অগ্রিম বিক্রি করে না, এবারও করেনি। তবে লর্ডস টেস্টের প্রথম চার দিনের ৫৫ হাজার টিকিট বিক্রি হয়েছে অগ্রিম। ৩০ পাউন্ড করে প্রতিদিনের টিকিট কাটা এই দর্শকদের বাইরে আছেন এমসিসির সদস্য কার্ডধারী আড়াই-তিন হাজার দর্শক। অন্য কিছুর সঙ্গে তুলনা না করে এটা অন্তত বলে দেওয়া যায়, ঘরের মাঠেও বাংলাদেশের টেস্ট দেখতে এত দর্শক হয় না।আর একটা কারণ হতে পারে, টেস্ট সিরিজ শুরুর আগে ব্যাপক প্রচার। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও কোচ শহীদুল আলম (রতন) এখন মিডলসেক্সের ক্যাপিটেল কিডস ক্রিকেট প্রোগ্রামের ডেভেলপমেন্ট হেড কোচ। বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রচারের কাজটা মিডলসেক্স আর ক্যাপিটেল কিডস ক্রিকেট মিলেই করেছে বলে জানালেন শহিদুল আলম, ‘দর্শকদের এই টেস্টের প্রতি আগ্রহী করে তুলতে আমরা ক্রিকেট কার্নিভাল করেছি, রোয়াল লাইক টাইগার্স নামে একটা প্রমোশনাল ওয়ার্কও করেছি, ডিসকাউন্টে টিকিট বিক্রি হয়েছে, দর্শকদের টি-শার্ট দেওয়া হয়েছে। ইস্ট লন্ডনের ৬০টি স্কুলে প্রচার চালিয়েছি।’ বাংলাদেশের ক্রিকেট দেখাতে বিদেশে এত কিছু হয়, অথচ দেশে? সবাই পত্রপত্রিকা পড়েই জানতে পারেন, অমুক দিন তমুক মাঠে অমুক খেলাটা আছে। সেই খেলার জন্য কিছু টিকিট ছেড়ে দেওয়া হয় বাজারে। এটুকু করেই ক্রিকেট বোর্ড আশায় বসে থাকে, গ্যালারি দর্শকে ভরে উঠবে। তা ইদানীং রংচং মাখানো টি-টোয়েন্টি ক্রিকেট দেখিয়ে কিছু দর্শক তারা মাঠে টেনেছে বটে। কিন্তু টেস্ট ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একবার উঁকি দিয়ে দেখুন—পুলিশ আর ওয়াকিটকি হাতে কিছু মৌসুমি নিরাপত্তাকর্মী আর বোর্ডের লোক ছাড়া কাউকে দেখবেন না। দর্শক গুনে ফেলতে পারবেন আঙুল গুনে। দর্শকদের মাঠমুখী করতে স্টেডিয়ামে যে ন্যূনতম সুযোগ-সুবিধা থাকা দরকার, সেটাও যেখানে নেই, পয়সা খরচ করে কেন মানুষ মাঠে যাবে? টেস্টেও যে রং আছে এবং সেই রং চিয়ার লিডার দিয়ে ছড়াতে হয় না, সেটা কেউ লর্ডসে এসে দেখুক।বলতে পারেন, বাংলাদেশের ক্রিকেটের মানও তো দর্শক মাঠে টানার মতো নয়। কথাটা পুরোপুরি মেনে নেওয়া যাচ্ছে না, কারণ সবকিছুতে নিজেদের শ্রেষ্ঠ ভাবা ইংলিশরাও এখন এর উল্টোটাই ভাবতে শুরু করেছে। বাংলাদেশের টেস্ট খেলা নিয়ে কিছু জাত্যভিমানীর প্রশ্ন থাকলেও সাধারণ দর্শকেরা মনে করে, টেস্ট খেলার অধিকার বাংলাদেশের আছে। কলেজ-শিক্ষক অ্যান্ড্রুর মতটাই শুনুন, ‘আমার তো মনে হয় বাংলাদেশ খুব ভালোভাবেই টেস্ট খেলতে পারে, সম্প্রতি তারা ভালোও খেলতে শুরু করেছে। আর কোনো খেলাই কোনো একটা বিশেষ দল বা দেশের অধিকারে থাকতে পারে না।’লর্ডস টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স এই ধারণাকে আরও জোরালো করেছে ইংলিশদের মনে। শাহাদাত হোসেন এখন তাদের কাছেও একজন তারকার নাম, তামিম ইকবালের হাতের ইনজুরির সর্বশেষ অবস্থা কী, সে ব্যাপারেও অনেকের কৌতূহল দেখা গেল।