টেস্টকে বিদায় জানাচ্ছেন ধোনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের মধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মহেন্দ্র সিং ধোনি! বিস্ময়কর এই সংবাদটি আজ জানিয়েছে ভারতের একটি শীর্ষ দৈনিক। সেই দৈনিকের সঙ্গে আলাপকালে ধোনি নাকি বলেছেন, ২০১৫ সালের বিশ্বকাপে খেলতে গেলে টেস্ট ক্রিকেটকে গুডবাই জানাতেই হবে।ধোনি এখনো পর্যন্ত ভারতের হয়ে ৬৬টি টেস্ট খেলেছেন। ৩৬টি টেস্টে তিনি ভারতকে দিয়েছেন নেতৃত্ব। এর মধ্যে ১৭টিতে ভারত পেয়েছে জয়ের স্বাদ। আজ বৃহস্পতিবার পার্থে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে অনেকটা হালকাভাবেই এই কঠিন কথাটি বলেন ভারতীয় অধিনায়ক। ধোনির এই মন্তব্য যারপরনাই বিস্মিত করে সবাইকে।ধোনির এই উক্তি কি কিছুটা হতাশা থেকে? এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই টেস্ট ক্রিকেটে, বিশেষ করে বিদেশের মাটিতে খেলা টেস্টগুলোতে ভারতকে একেবারে নিম্নস্তরের একটি দল বলে মনে হচ্ছে। বিদেশের মাটিতে টানা ছয়টি টেস্ট হেরে যাওয়ার পর সবদিক দিয়েই তোপের মুখে আছেন ভারত অধিনায়ক। চলমান অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম দুটি টেস্টে ভারতের শোচনীয় হারে অনেকেই আঙুল তুলছেন ধোনির দিকে, তাঁর রক্ষণাত্মক নেতৃত্বের। এমনকি টেস্ট ফরম্যাটে তাঁর নেতৃত্বের গুণাবলিই এখন প্রশ্নের সম্মুখীন। অথচ মাত্র নয় মাস আগেই ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের মতো পেয়েছে বিশ্বজয়ের স্বাদ। তাঁর নেতৃত্বেই আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে কিছুদিনের জন্য শীর্ষ অবস্থান ছিল ভারতীয় দলের। ২০১৩ সালে টেস্ট খেলা ছেড়ে দেবেন! ধোনির এমন মন্তব্যের পর ব্যাখ্যা চাওয়া হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে। তিনি স্মিতহাস্যে বলেছেন, ‘আসলে আমি বলতে চাচ্ছি, ২০১৫ সালের বিশ্বকাপে যেন আমি পুরোপুরি ফিট থেকে খেলতে পারি, সেজন্য ক্রিকেটের যেকোনো একটি ফরম্যাট থেকে আমাকে বিদায় নিতে হবে।’তিনি আরও বলেন, ‘২০১৩ সালে আমি দেখব, আমার শরীর কি বলছে, এরপরই একটি সিদ্ধান্তে আসতে হবে আমায়।’ পিটিআই।