টেস্টটা সবে শুরু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির চোখে
মাশরাফির চোখে

দুটি উইকেট পড়ে গেছে। নতুন বলে এটা হতেই পারে। এটুকু বাদ দিলে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষেও আমি বলব—আমরা ভালো অবস্থানে আছি। তবে তৃতীয় দিন সকালটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা ভুল না করলে এই টেস্টে ভালো সম্ভাবনা আছে আমাদের।
মমিনুল-মার্শাল আইয়ুব দুজনেই খুব ভালো ব্যাটিং করছে। বাংলাদেশ দলে মার্শালই সম্ভবত একমাত্র ব্যাটসম্যান, টেস্ট খেলার আগে যে ৬২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে। টেস্ট খেলার আগে প্রত্যেক খেলোয়াড়ের যে পটভূমি থাকা উচিত, বাংলাদেশে একমাত্র ওরই সেটা আছে এবং ওর ব্যাটিং দেখেও তা বোঝা যায়। আমি শুরু থেকে মার্শালের খেলা মনোযোগ দিয়ে দেখছি। একদমই নার্ভাস নয় ও। জাতীয় লিগের ম্যাচগুলোতে যেভাবে ব্যাটিং করে, ঠিক সেভাবে ব্যাটিং করছে। এটা খুব ভালো লক্ষণ।
দলের বাজে সময়টা পার করে দিয়ে এক প্রান্ত ধরে রেখেছে মার্শাল। অন্য প্রান্তে মমিনুল একটু চালিয়ে খেললেও ঠিক আছে। আর এখন পর্যন্ত আমার মনে হয়নি নিউজিল্যান্ডের স্পিনারদের বলে কিছু আছে। এটা ঠিক, উইকেটের সাহায্য তারা পাচ্ছে না। তবে পেলেও আহামরি কিছু করতে পারত বলে মনে হয় না। তা ছাড়া আমাদের মার্শাল স্পিন অনেক ভালো খেলে। সম্ভবত দলের মধ্যেই স্পিন বল খেলা সেরা ব্যাটসম্যান ও। কাজেই তৃতীয় দিনে উইকেটের চেহারা অকস্মাৎ বদলে গেলেও ভয়ের কিছু নেই।
আমার হিসাবে নিউজিল্যান্ড ১০০ রান বেশি করে ফেলেছে। কৃতিত্বটা ওদের শেষ উইকেট জুটির। এটা আমাদের জন্য খারাপ হলেও অস্বাভাবিক নয়। আর এমন নয় যে আমাদের বোলাররা বাজে বল করায় ওরা রান করেছে। বোলিং ভালোই হয়েছে। দুর্ভাগ্যক্রমে আউট হওয়ার মতো অনেক বল তাদের প্যাডে লেগেছে, কোনোটা বা লেগেছে ব্যাটের কানায়। তবে আমার কাছে মনে হয়েছে, আমাদের খেলোয়াড়দের শরীরী ভাষা ঠিক ছিল না। সবাই যেন ধরেই নিয়েছিল শেষ দিকের ব্যাটসম্যানরা টপাটপ আউট হয়ে যাবে। এই মানসিকতার কারণেই হয়তো বোলাররা ঠিক জায়গায় বল ফেললেও সাফল্য আসছিল না।
যা-ই হোক, আমার দৃষ্টিতে আমাদের জন্য টেস্টটা সবে শুরু হলো। দুটি উইকেট পড়ে গেলেও আসল ব্যাটসম্যানদের ব্যাটিং এখনো বাকি। মার্শাল-মমিনুল ভালো খেলছে। এরপর মুশফিক, সাকিব, নাসিররা আছে। সবাই ভালো ব্যাটসম্যান। মার্শাল-মমিনুলের দায়িত্ব হবে ওদের কাজ সহজ করে দিয়ে যাওয়া। সে জন্য খুব বেশি কষ্ট করতে হবে বলেও মনে হয় না। আগেই বলেছি, উইকেটে কিছুই নেই। একটি-দুটি বল হয়তো হঠাৎ করে ভালো হয়ে যাবে, ওগুলোতে টিকে থাকতে পারলে এই উইকেটে রান আসবেই।