টেস্টে চাই তিন সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচটায় হেরেই গেলাম। অবশ্যই দুঃখজনক। কেউই তো হারতে চায় না। আর এখানে তো প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক দুর্বল ছিল। তবে এই ম্যাচ থেকে তার পরও ইতিবাচক অনেক দিক খুঁজে পেয়েছি। তৃতীয় দিন লাঞ্চ পর্যন্তও ম্যাচের রাশ আমাদের হাতেই ছিল। লাঞ্চ থেকে টি পর্যন্ত সেশনটায়ই সেটি আলগা হয়ে যায়।কারণও ছিল। লম্বা জার্নি করে এসে এক দিন পরই এই ম্যাচ খেলতে নামায় খেলোয়াড়েরা সবাই ছিল খুব ক্লান্ত। দীর্ঘদিন পর ম্যাচ হওয়ায় মাঠে সবার মধ্যে একটা জড়তাও ছিল। তবে এটা টেনশন করার মতো কিছু না। এ থেকে কেউ না শিখলে সেটি টেনশন করার মতো হতো। আশা করি, এই শিক্ষা টেস্ট ম্যাচে আমাদের কাজে আসবে। জিতলে তো আত্মবিশ্বাসের জন্য সেটি অবশ্যই ভালো হতো। তবে হারায় সেটিতে খুব বড় ধাক্কা লেগেছে বলে আমার মনে হয় না। আমি বরং সবাইকে ব্যাপারটা এভাবে দেখতে বলব—জিম্বাবুয়ের কাছে আমরা সব সময়ই প্রথম ম্যাচ হারি। এবার প্রস্তুতি ম্যাচের ওপর দিয়েই ফাঁড়াটা গেল। বাকি সব জিতব।প্রস্তুতি ম্যাচে পেস বোলারদের প্রস্তুতি ভালোই হয়েছে। ব্যাটিংটা দুই ইনিংসেই তেমন ভালো না হলেও ব্যাটসম্যানদের অনেকে উইকেটে বেশ কিছুটা সময় কাটিয়েছে, এটাই গুরুত্বপূর্ণ। আমার কাছে প্র্যাকটিস ম্যাচের অর্থ এটাই—রান বড় কথা না, কোনো ব্যাটসম্যান যদি ৩০ রান করেও উইকেটে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটিই আসল। নিজের ব্যাটিং নিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। তবে বোলিংয়ে এখনো বড় দৈর্ঘ্যের ম্যাচের ছন্দ ফিরে পাইনি। টেস্টের আগের প্র্যাকটিস সেশনে সেটি হয়ে যাবে বলে আশা করি। প্রস্তুতি ম্যাচের ভুলগুলো নিয়েও আমরা প্র্যাকটিস সেশনে কাজ করব। টেস্টে পুরো প্রস্তুত হয়েই নামব। আমি সব সময়ই একটা কথা বলি, টেস্ট ম্যাচে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। সেটা আমরা প্রথমে ব্যাটিংই বা বোলিং যেটিই করি। শুরু যাদের ভালো হবে, তাদের দিকেই ম্যাচের মোমেন্টাম চলে যাবে। টেস্ট ম্যাচে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী, কারণ আমাদের দলে চাপ সৃষ্টি করার মতো বোলার যেমন আছে, তেমনি আছে বড় ইনিংস খেলার মতো ব্যাটসম্যানও। আরেকটা সুবিধা, আমাদের ১৫ জনের দলটা এমন যে তা থেকে নানা রকম কম্বিনেশন করা যায়। শেষ পর্যন্ত যে কম্বিনেশনই ঠিক হোক, টেস্ট ম্যাচে কিন্তু বোলারদেরই মূল ভূমিকা রাখতে হবে। ২০ উইকেট না নিলে তো আপনি টেস্ট জিততে পারবেন না। তবে এর মানে এই না যে, ব্যাটসম্যানরা ১৫০ রান করবে আর বোলাররা জিতিয়ে দেবে। ব্যাটসম্যানদের কাছ থেকে আমার প্রত্যাশাটা বরং বলেই ফেলি। দুই ইনিংসে আমি তিনটি সেঞ্চুরি চাই। আমাদের যদি একটি ইনিংসই খেলতে হয় আর আমরা তাতে ৪০০-৫০০ করে ফেলি, তাহলে অন্তত দুটি। জানি, প্রস্তুতি ম্যাচের ব্যাটিংয়ের পর অনেকের কাছে এটি বাড়াবাড়ি প্রত্যাশা বলে মনে হবে। তবে একটু খেয়াল করে দেখবেন, আমরা সর্বশেষ যতগুলো টেস্ট খেলেছি, সব কটিতেই কারও না কারও সেঞ্চুরি ছিল। কোনো টেস্টে দুটিও ছিল। চিন্তা বলতে একটাই, ১৪ মাস পরে টেস্ট ক্রিকেট খেলতে নামছি। ওয়ানডে আর টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট ম্যাচের অনেক পার্থক্য। টেস্টে শারীরিক-মানসিক দুদিক থেকেই খুব শক্ত হতে হয়। ১৪ মাসের বিরতিটা অবশ্য খুব বড় মনে হচ্ছে না, জিম্বাবুয়ে ছয় বছর পর টেস্ট খেলছে বলে। সমস্যা হলে ওদেরই তো বেশি হবে।