টেস্টে ফিরতে চান যুবরাজ
গত বছর দল থেকে বাদ পড়ে সংশয়ের মুখে পড়েছিল যাঁর ক্যারিয়ার. সেই যুবরাজ সিংই হলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। এবার তাঁর লক্ষ্য টেস্ট দলে হারানো জায়গা পুনরুদ্ধার করা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডের ভালো পারফরম্যান্স নিয়েই টেস্ট দলে ঢুকতে চান এই বাঁহাতি, ‘টেস্ট দলে জায়গা পাকা করতে চাই আমি, বিশেষ করে ৫০ ওভারের ফরম্যাটে ভালো করার পর।’জহির খান ও আশিস নেহরার অনুপস্থিতি তরুণ ফাস্ট বোলারদের জন্য ভালো সুযোগ মনে করছেন যুবরাজ, ‘জহির না গেলে বোলিং আক্রমণটা দুর্বল হয়ে যাবে। আশিস আহত, কিন্তু আপনি তরুণ ফাস্ট বোলারদের উন্নতিটা কীভাবে করবেন। তাদের সুযোগ দিতে হবে। আমি নিশ্চিত, যেসব তরুণ যাচ্ছে তারা তাদের সেরাটা দিতে উদগ্রীব হয়ে আছে।’ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই ইংল্যান্ড সফর। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ। এই তিনটি সফরকেই গুরুত্বপূর্ণ ভাবছেন যুবি, ‘ক্লান্তি আছে, কিন্তু এই তিনটি সফরই খুব গুরুত্বপূর্ণ। আর যদি বিদেশে জেতেন, সেটা অনেক আত্মবিশ্বাস জোগায়।’ধোনির অনুপস্থিতিতে অধিনায়ক হওয়া গম্ভীরের ওপর ভালোই আস্থা তাঁর, ‘নিঃসন্দেহে সে নিজেকে প্রমাণ করেছে। সে খুব ভালো অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০-তে জিতিয়েছিল সে দলকে।’ ওয়েবসাইট।