টেস্টে ফিরলেন যুবরাজ, বাদ রায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। এবার টেস্ট ক্রিকেটেও ফিরলেন ক্যানসার জয় করে দুর্দান্তভাবে ক্রিকেটে ফিরে আসা যুবরাজ সিং। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা। যুবরাজ ছাড়াও এক বছরের বেশি সময় পর নির্বাচকেরা টেস্ট দলে ফিরেয়ে এনেছেন অফস্পিনার হরভজন সিংকে।যুবরাজ সিংকে জায়গা দিতে দলের বাইরে পাঠানো হয়েছে সুরেশ রায়নাকে। হরভজন ঠাঁই পেয়েছেন ইনজুরিতে থাকা লেগস্পিনার পিযূষ চাওলার জায়গায়। এর বাইরে আর কোনো চমক নেই ঘোষিত দলে। যুবরাজের ফুসফুসে টিউমার ধরা পড়ে গত বছরের অক্টোবরে। প্রথম দিকে বলা হচ্ছিল, সেই টিউমার ক্যানসার নয়। শেষ পর্যন্ত ওই টিউমারকে ম্যালিগন্যান্ট অর্থাত্ ক্যানসার হিসেবে চিহ্নিত করেন চিকিত্সকেরা।যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গত মার্চ মাসের মাঝামাঝিতে কেমোথেরাপির তৃতীয় পর্যায় শেষ হয় যুবরাজের। হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুনর্বাসনের জন্য তিনি কিছুদিন লন্ডনে ছিলেন। পুনর্বাসন শেষে দেশে ফেরেন গত ৯ এপ্রিল।যুবরাজ জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান তিনি। নির্বাচকেরা তাঁর ওপর আস্থা রেখেছিলেন। ভালো খেলে তিনি সেই আস্থার প্রতিদানও দেন। এরপর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেন যুবরাজ। দুলিপ ট্রফির সেমিফাইনালে ডাবল সেঞ্চুরি করেন। সর্বশেষ, ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তুলে নেন পাঁচ উইকেট। অলরাউন্ডার যুবরাজ দেখিয়ে দেন, শুধু সীমিত ওভারের ক্রিকেট নয়, টেস্ট খেলার মতো যথেষ্ট ফিট তিনি। পারফরম্যান্স আর ফিটনেসের সুফল আজ পেলেন যুবরাজ।ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, যুবরাজ সিং, আজিঙ্ক রাহানে, মুরালি বিজয়, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, প্রজ্ঞান ওঝা, জহির খান, হরভজন সিং ও ইশান্ত শর্মা।