টেস্টে ফেরার আভাস আফ্রিদির
প্রায় এক মাস ধরে বিরতিহীনভাবে খবরের জোগান দিয়ে গেল পাকিস্তানের ক্রিকেট। ঘটনার ঘনঘটায় ঠাসা ইংল্যান্ড সফর শেষ হলো অবশেষে। হতাশ হবেন না, খবরের জোগান শেষ হয়ে যায়নি। দেশে ফিরেই শহীদ আফ্রিদি জানিয়ে দিলেন, দল চাইলে আবারও তিনি ফিরবেন টেস্ট ক্রিকেটে।এই ইংল্যান্ড সফরেই চার বছরের বিরতি দিয়ে টেস্টে ফিরেছিলেন আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে এক টেস্ট খেলেই আবারও ফিরে যান নির্বাসনে। টেস্ট ক্রিকেট থেকেই অবসর নিয়ে নেন। আফ্রিদির জায়গায় টেস্ট অধিনায়ক হন সালমান বাট।বাটকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এই অবস্থায় আবারও টেস্ট অধিনায়ক খুঁজে পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলের হাল ধরার মতো শক্তপোক্তও কেউ নেই। নেতৃত্বের ব্যাপারে কিছু না জানালেও দেশে ফিরে আফ্রিদি জানিয়েছেন, দল চাইলে টেস্টে ফিরতে রাজি আছেন তিনি, ‘দল চাইলে আমি অবশ্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা বিবেচনা করব।’আগামী মাসের শেষে আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজটি খেলবে পাকিস্তান। ওই সফরে ২টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানটে আর দুটি টেস্ট আছে। ইংল্যান্ড সফর শেষে গতকালই দেশে পৌঁছেছে পাকিস্তান। করাচি বিমানবন্দরে পা রেখে আফ্রিদি আবারও জানিয়ে দিয়েছেন, তাঁর ক্যারিয়ারের কঠিনতম সফর ছিল এটাই, ‘এত এত বিতর্কের কারণে চাপ সামলে খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই যখন হোটেল থেকে বেরিয়েছিলাম, অনেকেই অনেক বাঁকা মন্তব্য ছুড়ে দিচ্ছিল। এসব বিতর্কের কারণেই আমার ১৪ বছরের ক্যারিয়ারে এটাই ছিল সবচেয়ে কঠিন সফর।’স্পট ফিক্সিং কেলেঙ্কারিই যথেষ্ট ছিল। তার পরও উপরি হিসেবে যোগ হয়ে আরও অনেক বিতর্ক। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে পিসিবির। যে ইসিবি ‘গৃহহীন’ পাকিস্তানকে ঠাঁই দিয়েছিল। পাকিস্তানের হোম সিরিজগুলো হওয়ার কথা ছিল এখানেই। ইসিবি এর পরই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে।আগুনে ঘৃতাহুতি দিয়েছে পিসিবি সভাপতি ইজাজ বাটের একটি মন্তব্য। যেখানে বাট তৃতীয় ওয়ানডে ইংল্যান্ড ইচ্ছে করে হেরে গিয়েছিল বলে মন্তব্য করেছেন। ক্ষিপ্ত ইসিবি এরই মধ্যে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। নিঃশর্ত ক্ষমা চেয়ে বাটের কাছে চিঠি পাঠানো হয়েছে। বাট যে ক্ষমা চাইবেন না পিসিবির উদ্যোগ থেকে তা পরিষ্কার হয়ে গেছে। কারণ এরই মধ্যে এই চিঠিকে আইনিভাবে মোকাবিলা করার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে পিসিবির আইনজীবীদের। ওয়েবসাইট।