টেস্টে বাড়ছে অর্থ
বহু আলোচিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আলোর মুখ দেখেনি ভারতের বিরোধিতায়। টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার এই উদ্যোগ ভেস্তে যাওয়ায় সমালোচনাও কম হয়নি। অন্যভাবে তাই টেস্ট ক্রিকেটকে আরও তাৎপর্যপূর্ণ করার চেষ্টা করছে আইসিসি। আগামী বছর থেকেই টেস্টের শীর্ষ দলগুলোর প্রাইজমানি অনেক বেড়ে যাচ্ছে।বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতিবছর ১ এপ্রিল টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে দেওয়া হয় ১ লাখ ৭৫ হাজার ডলার, দ্বিতীয় দল পায় ৭৫ হাজার ডলার। ২০১৩ সাল থেকে এই অঙ্কটা হয়ে যাবে যথাক্রমে ৪ লাখ ৫০ হাজার ও ৩ লাখ ৫০ হাজার ডলার। সঙ্গে তৃতীয় স্থানে থাকা দল পাবে আড়াই লাখ ডলার, চার নম্বর দল দেড় লাখ। পরবর্তী বছর থেকে অঙ্ক বেড়ে যাবে আরও। ২০১৪ সালে শীর্ষ দল পাবে ৪ লাখ ৭৫ হাজার ডলার, পরের তিন দল যথাক্রমে ৩ লাখ ৭০ হাজার, ২ লাখ ৬৫ হাজার ও ১ লাখ ৬০ হাজার ডলার। ২০১৫ সালে শীর্ষ দল পাবে ৫ লাখ ডলার, বাকি তিন দল ৩ লাখ ৯০ হাজার, ২ লাখ ৮০ হাজার ও ১ লাখ ৭০ হাজার ডলার। ২০১৬ সালে অঙ্কটা আরও বাড়বে বলেও ইঙ্গিত দিয়েছে আইসিসি।