টেস্টে রায়নার অভিষেক
৯৮টি একদিনের ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৮টি। দীর্ঘ প্রতীক্ষার পর টেস্ট ক্রিকেটেও যাত্রা শুরু হলো সুরেশ রায়নার। কলম্বোয় শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটিই টেস্টে রায়নার অভিষেক ম্যাচ হয়ে থাকল। কাকতালীয় হলেও এই শ্রীলঙ্কার বিপক্ষেই একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল এই ব্যাটসম্যানের।১৯৮৬ সালের নভেম্বরে উত্তর প্রদেশে জন্ম নেওয়া রায়নার জাতীয় দলে অভিষেক ২০০৫ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে কোনো রানের দেখা পাননি, মুরালিধরনের শিকারে পরিণত হন মাত্র দুই বল খেলেই। তবে যতই দিন গড়িয়েছে, ততই নিজেকে শাণিত করেছেন রায়না। তিনি এখন ওয়ানডে দলে ভারতের নির্ভরতার প্রতীক। ৯৮ ম্যাচের ৮১ ইনিংসে ৩৭.১৭ গড়ে সংগ্রহ ২৩৭৯ রান, সর্বোচ্চ অপরাজিত ১১৬। টি-টোয়েন্টি ক্রিকেটেও একইভাবে সফল রায়না। ২০০৬ সালে অভিষেকের পর ১৮ ম্যাচের ১৭ ইনিংসে ৩৩.৪২ গড়ে সংগ্রহ ৪৬৮ রান, সর্বোচ্চ ১০১ রান।দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলে অভিষেকের পাঁচ বছর পর টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেলেন রায়না। এ জন্য অবশ্য গৌতম গম্ভীর ও যুবরাজ সিংকে ধন্যবাদ দেওয়া উচিত তাঁর। এ দুই ব্যাটসম্যান নেই বলেই তো রায়নার দিকে তাকিয়েছেন নির্বাচকেরা! কনুইয়ে চোটের কারণে এই টেস্টে খেলতে পারেননি গম্ভীর, জ্বরের কারণে নেই যুবরাজ। গম্ভীর-যুবরাজের অনুপস্থিতিতে অভিষেকটা হয়ে গেল রায়নার!ওয়েবসাইট