টেস্টেও দুরবস্থা ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Newzealand_Image
Newzealand_Image

৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর ভারতের দুরবস্থা চলছে টেস্টেও। ব্রেন্ডন ম্যাককালামের দ্বিশতক আর কেন উইলিয়ামসনের শতকে ভর করে প্রথম ইনিংসে ৫০৩ রান করেছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনে করেছে ৩৯ ওভারে ৪ উইকেটে ১৩০। এখনো ৩৭৩ রানে পিছিয়ে ধোনির দল।

প্রথম ওভারেই ভারতকে বড় ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। এক ওভারেই তুলে নিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার উইকেট। চার ওভার পরে ভারতের অন্যতম ব্যাটিং ভরসা বিরাট কোহলিকেও সাজঘরে পাঠিয়ে ধোনি বাহিনীকে ব্যাটফুটে ঠেলে দিয়েছেন টিম সাউদি। ওই সময় ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ১০ রান। চা-বিরতি পর্যন্ত সময়টা নির্বিঘ্নেই পার করতে পেরেছিলেন মুরালি বিজয় ও রোহিত শর্মা। বিরতির পরেই আবার ভারতীয় শিবিরকে হতাশায় ডুবিয়েছেন নেইল ওয়াগনার। তুলে নিয়েছেন ২৬ রান করা বিজয়ের উইকেট। ৬৭ রানে উইকেটে আছেন রোহিত, ২৩ রানে আজিঙ্কা রাহানে।

এর আগে আজ দ্বিতীয় দিনের শুরুটাও দারুণ করেছিল নিউজিল্যান্ড। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে পুরোটা সময় ভারতীয় বোলাদের ভালোই ভুগিয়েছেন কিউই অধিনায়ক ম্যাককালাম। খেলেছেন ২২৪ রানের দারুণ এক অধিনায়কোচিত ইনিংস। ৪২ রান নিয়ে প্রথম দিন শেষ করা কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে এসেছে ৭৭ রানের লড়াকু ইনিংস। শেষ পর্যায়ে সাউদির ২৮ ও ইশ সোধির ২৩ রানের ছোট ইনিংস দুটির সুবাদে ৫০৩ রান জমা করে প্রথম ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড। ভারতের পক্ষে ১৩৪ রানে ছয় উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা।