টেস্টেও ভারতকে ধুয়ে দিতে বলছেন কেয়ার্নস

ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলকে বিশেষ দাওয়াই দিয়েছিলেন মার্টিন ক্রো। ক্রোর বটিকা মেনে ভালোই উপকৃত হয়েছে ব্ল্যাক ক্যাপসরা! সিমিং কন্ডিশন কাজে লাগিয়ে ভারতকে দোর্দণ্ড প্রতাপে হারিয়ে সিরিজ পকেটে পুরেছে ম্যাককালামরা। এবার টেস্টের পালা। এ ক্ষেত্রে পরামর্শক হিসেবে এগিয়ে এসেছেন ক্রিস কেয়ার্নস। ওয়ানডের ধারটা টেস্টেও অব্যাহত রেখে ভারতকে ধুয়ে দেওয়ার পরামর্শ দিলেন ব্ল্যাক ক্যাপসদের সাবেক এ অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের জনপ্রিয় পোর্টাল ‘স্টাফে’ নিজের কলামে কেয়ার্নস লিখেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট যা করে দেখিয়েছে, ভাবিনি এটি এখনই ঘটবে। তবে দলটি বরাবারই এমন ফল অর্জনে সক্ষম, এটি অন্তত জানা ছিল। আগের ফলগুলো আসলে তাদের প্রতিভার সুবিচার করিনি। দলের বর্তমান সদস্যরা শিখছে এবং বলার মতোই পারফর্ম করছে।’
ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ওয়ানডে সিরিজের মতো টেস্টেও একই সাফল্য ধরে রাখতে কিছু পরামর্শ বাতলে দিয়েছেন কেয়ার্নস। বলেছেন, ‘এখন আমাদের মনোযোগ দুই ম্যাচের টেস্ট সিরিজে। একদিনের ম্যাচে খেলোয়াড়েরা তাঁদের আকাঙ্ক্ষা ও সাহস ভালোভাবেই মাঠে দেখিয়েছে। এখন নিউজিল্যান্ড ক্রিকেটের সময় হয়েছে খেলোয়াড়দের জন্য আগের মতোই সিমবান্ধব উইকেট তৈরি করা। তবে ২০০২-০৩ মৌসুমের মতো হাস্যকর অতিরিক্ত সবুজ উইকেট নয়। অবশ্যই এমন হতে হবে, যাতে ভারতীয় ব্যাটসম্যানরা চাপে পড়ে। যেটি আমাদের দলকে বাড়তি সুবিধা দেবে।’