টেস্টেও সেই একই ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়তো কুসংস্কার অথবা চিরকালীন অভ্যাস। যা নিয়মই হয়ে গিয়েছিল। টিম বাসে সব সময় বাঁ দিকে একেবারে সামনের সিটে বসতেন শচীন টেন্ডুলকার। পাশে কেউ বসতেন না। শুধু টেন্ডুলকার আর তাঁর ক্রিকেট-ভাবনা!
জোহানেসবার্গ টেস্ট শুরুর দুদিন আগে হোটেল থেকে মাঠে অনুশীলনে যাওয়ার সময় দেখা গেল সেই আসনে বসেছেন বিরাট কোহলি। ভারতীয় দলের কেউ নিশ্চয়ই আপত্তি করেননি। টেন্ডুলকারের জায়গাটা যে অনেক দিন ধরে কোহলিকে দেওয়ার কথা হচ্ছে।
বাসের আসন না হয় নিজের করে নিয়েছেন। টেন্ডুলকার-পরবর্তী যুগের প্রথম টেস্টে ওয়ান্ডারার্সে আজ ব্যাটিং অর্ডারে সেই চার নম্বর জায়গাটাও কোহলির জন্যই বরাদ্দ রেখেছে ভারত। কিন্তু দলের জন্য টেন্ডুলকার যতটুকু ছিলেন, কোহলি কি ততটুকু হতে পারবেন আদৌ?
ভারতীয়রা এই প্রশ্নের উত্তর নিয়ে ভাববেন অনেকক্ষণ। তবে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা কিন্তু ভাবছে না কিছুই। এমনিতেই আভাসে-ইঙ্গিতে টেন্ডুলকার ছাড়া ভারতকে সাধারণ মানের দল বলে খুঁচিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। ওয়ানডে সিরিজে লজ্জাজনক হারে পাল্টা কিছু বলতেও পারছে না ভারত। পরশু সেই একই কথা আরও সরাসরি বললেন দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল, ‘ওদের দলে টেন্ডুলকার ছিল সেই ব্যাটসম্যান, যে লম্বা সময় ধরে ব্যাট করতে পারত, চাপে ফেলত প্রতিপক্ষ ও বোলারদের। ওর না থাকাটা নিশ্চয়ই সমস্যায় ফেলবে ভারতকে।’
স্টেইন-ফিল্যান্ডার আর মরকেলদের তোপে একদিকে ক্ষতবিক্ষত ভারতের ব্যাটিং, অন্যদিকে বারবার টেন্ডুলকারকে মনে করিয়ে দেওয়া। ভারতের কাটা ঘায়ে নুনের ছিটাই দিচ্ছে দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে জবাব দেওয়া আপাতত কঠিনই মনে হচ্ছে। সে কারণেই হয়তো দক্ষিণ আফ্রিকার দেখানো অস্ত্রই তাদের বিপক্ষে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়ান্ডারার্সে আজ বছর খানেক পরে টেস্টে প্রত্যাবর্তন হতে পারে জহির খানের। স্টেইন-ফিল্যান্ডারদের পেস আর বাউন্সের জবাবে ওদিক থেকেও বাউন্স আর সুইংয়ের গোলা ছোড়ার প্রত্যাশা ভারতীয়দের। তবে তাতে খুব বেশি লাভ হবে না বলছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কেপলার ওয়েসেলস, ‘ওয়ান্ডারার্সে বল অনেক সুইং ও সিম করবে। ভারত যদি ধৈর্য দেখাতে না পারে, তিন দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যেতে পারে।’
ওয়েসেলসকে ভুল প্রমাণ করতে পারবেন কোহলিরা? ওয়েবসাইট
 এ বছর ছয় টেস্ট খেলে সবগুলোই জিতেছে ভারত। সাত টেস্ট খেলে ছয়টিতে জয় দক্ষিণ আফ্রিকার
 প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে আজ ৫০তম টেস্ট খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি।
 আর ৫ উইকেট হলেই ৩০০ উইকেটের মাইলফলক ছোঁবেন জহির খান। দুটি ক্যাচ ধরলেই টেস্টে ২০০ ক্যাচ হবে ক্যালিসের।