প্রথম ম্যাচে হারের দায় দিয়েছিলেন টপ-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকে। পরশু দ্বিতীয় ম্যাচে হারের পর মিসবাহ-উল-হক বললেন, ‘আজ টপ-অর্ডার ভালোই করেছে, কিন্তু টপ কিংবা মিডল-অর্ডারের একজনের প্রয়োজন ছিল বড় ইনিংস খেলা। আর ফিল্ডিংটা বাজে হয়েছে। ফিল্ডিংই দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিয়েছে।’টেস্ট সিরিজে বোলারদের অসাধারণ পারফরম্যান্স ঢেকে দিয়েছিল বাকি ঘাটতিগুলো। কিন্তু ওয়ানডে সিরিজে বেরিয়ে পড়েছে পাকিস্তানের নানা দুর্বলতা। ফিল্ডিং ভালো নয়, টপ-অর্ডার নড়বড়ে, মিডল-অর্ডারে ধারাবাহিকতা নেই, লোয়ার-অর্ডার ব্যাটই ধরতে জানে না, থিতু হয়ে উইকেট ছুড়ে আসছেন ব্যাটসম্যানরা—অন্তহীন সমস্যা। উল্টো চিত্র ইংল্যান্ডের। অ্যালিস্টার কুকের অনুপ্রেরণাদায়ী ব্যাটিং ও নেতৃত্বে ইংল্যান্ড যেন পেছনে ফেলেছে টেস্ট সিরিজে দুঃস্বপ্ন। অনেকের ধারণা ছিল টেস্টের মতো ওয়ানডেতেও উড়ে যাবে ইংল্যান্ড। অথচ প্রথম দুই ম্যাচেই নিশ্চিত করে ফেলল, অন্তত সিরিজ হারছে না। বরং সিরিজ হার ও হোয়াইটওয়াশের শঙ্কায় এখন পাকিস্তান।পরশুর ম্যাচটা কিন্তু পাকিস্তানের হাতের মুঠোয়ই ছিল। সামিত প্যাটেলের শেষ ওভারে শহীদ আফ্রিদি যখন টানা দুই বলে ছয়-চার মারলেন, ৫ উইকেট হাতে নিয়ে তখন পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৯ বলে ৪৫। কিন্তু জেমস অ্যান্ডারসনের বলে স্বভাবসিদ্ধ পাগলাটে শটে বোল্ড আফ্রিদি (১৮)। আবদুর রেহমান এসে ১২ বলে ১ করে বাড়িয়ে দিলেন চাপ। সেই চাপে পিষ্ট মিসবাহ (৪৭) ছয় মারার চেষ্টায় বল তুলে দিলেন আকাশে, পেছন দিকে অনেকটা দৌড়ে অসাধারণ ক্যাচ নিলেন কিসওয়েটার। এক ওভার বাকি থাকতেই পাকিস্তান হারল ২০ রানে। প্রথম ম্যাচে পাকিস্তানের টপ-অর্ডার মুড়ে দিয়েছিলেন ফিন। পরশু প্রথম স্পেলে উইকেট পাননি। তবে ব্যাটিং পাওয়ার প্লেতে ফেরালেন উমর আকমলকে, পরে গুটিয়ে দিলেন পাকিস্তানের লেজ। বোলিং বিশ্লেষণ ঠিক আগের দিনের মতো—১০-১-৩৪-৪!ম্যাচসেরা অবশ্য আগের ম্যাচের মতোই সেঞ্চুরিয়ান কুক। তাঁর ওয়ানডে সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলাদের জবাব দিয়েছেন দারুণভাবে। তবে প্রতিক্রিয়ায় যথারীতি নিজের চেয়ে বেশি থাকল দল। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ১০ ওভারে মাত্র ৫৮ রান তুলতে পেরেছিল ইংল্যান্ড। রান তাই আড়াই শ ছাড়াতে পারেনি। তবে ২৫০ রানকে যথেষ্টই মনে করেছিলেন কুক, ‘প্রথম ম্যাচের চেয়ে উইকেট একটু আলাদা ছিল, আরেকটু মন্থর ছিল। ২৫০ রান তাই খারাপ ছিল না। আমাদের বোলাররা অসাধারণ বোলিং করেছে, ফিন আবারও ছিল দুর্দান্ত।’দুবাইয়ে সিরিজের তৃতীয় ম্যাচ আগামীকাল। ওয়েবসাইট।