টেস্টের চূড়ায় উঠলেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বোর পি সারায় শ্রীলঙ্কার বিপেক্ষ আজকের ম্যাচ দিয়ে টেস্টের চূড়ায় উঠলেন শচীন টেন্ডুলকার। স্টিভ ওয়াহকে পেছনে ফেলে টেন্ডুলকারই আজ থেকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি (১৬৯) ম্যাচে অংশ নেওয়া ক্রিকেটার।টেস্টে টেন্ডুলকারের অভিষেক মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে। ২০ বছর ধরে একের পর এক রূপকথা জন্ম দিয়ে গেছেন। মুরালিধরনের বিদায়ী টেস্টে স্টিভ ওয়াহর ১৬৮ ম্যাচের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়েছিলেন। আজ অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারকে পেছনে ফেলে টেন্ডুলকার গড়লেন টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে অংশ নেওয়ার রেকর্ড। দীর্ঘ পথে ৫৬ দশমিক ০৮ গড়ে ভারতের এই ক্রিকেট দেবতার সংগ্রহ ১৩৭৪২ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪৮টি, হাফ সেঞ্চুরি ৫৫টি। একজন ব্যাটসম্যানের যেসব রেকর্ড গড়ার স্বপ্ন থাকে, তার প্রায় সবই পেয়ে গেছেন টেন্ডুলকার। এত প্রাপ্তির মধ্যেও টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে অংশ নেওয়ার রেকর্ড তাঁর কাছে ‘বিশেষ’ অর্জন। গতকাল এর ব্যাখ্যাও দিয়েছেন শচীন, ‘এমন একটা স্বপ্নপূরণ হতে যাচ্ছে, যে স্বপ্নের সঙ্গেই ছিল আমার বসবাস। অন্য অনেক কিছুই অর্জন করা যায়, কিন্তু অনেক বছর ধরে খেলে, অনেক সফর করার পরই এই অর্জন সম্ভব। আমার সত্যিই খুব ভালো লাগছে। ২০টি বছর লেগেছে এই অবস্থানে আসতে।’টেস্টের চূড়ায় ওঠা হলো, এবার পালা এক দিনের ক্রিকেটের চূড়ায় ওঠা। ৪৪২টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার, তাঁর চেয়ে দুই ম্যাচ বেশি খেলে শীর্ষে আছেন শ্রীলঙ্কার জয়াসুরিয়া। শ্রীলঙ্কা দলে জয়াসুরিয়ার জায়গা অনিশ্চিত, অন্যদিকে ৩৭ বছরেও তরুণের মতো ব্যাট চালিয়ে যাচ্ছেন টেন্ডুলকার। জয়াসুরিয়াকে পেছনে ফেলে এক দিনের ক্রিকেটের চূড়ায় ওঠা তাই টেন্ডুলকারের জন্য সময়ের ব্যাপার বলাই ভালো। ওয়েবসাইট।