টেস্টের দরজায় নাজিমউদ্দিন
গুঞ্জনটা কানে আসছিল তাঁরও। তবে সেটা সত্যি হয়ে যাবে ভাবেননি। সত্যি হলো পরশু রাত ১২টার দিকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খানের ফোন পেয়েই নাজিমউদ্দিন জানলেন, তাঁর জন্য আবার খুলে গেছে জাতীয় দলের দরজা!জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০০৮-এর জুলাইয়ে পাকিস্তান সফরে। আইসিএলের অভিশাপ এর পরই ক্যারিয়ার থেকে কেড়ে নিয়েছে তিন তিনটি বছর। সেই নাজিমউদ্দিন দলে ফিরলেন পাকিস্তানের বিপক্ষেই, ফিরলেন টেস্ট অভিষেকের সম্ভাবনা নিয়ে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নাজিমউদ্দিন ছাড়াও ফিরেছেন মোহাম্মদ আশরাফুল ও রবিউল ইসলাম। গত জিম্বাবুয়ে সিরিজে খেললেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দলে ছিলেন না রবিউল। অসুস্থতা আর ইনজুরি মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর। তাঁর জন্যও তাই এটা এক রকম ফেরাই।দলে আছেন চলতি সিরিজের ওয়ানডে দলে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলা মোহাম্মদ সোহরাওয়ার্দী ও শাহাদাত হোসেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা ইমরুল কায়েস। ওয়ানডে দল থেকে টেস্ট দলে আরও নেই অলক কাপালি, আবদুর রাজ্জাক, ফরহাদ রেজা ও শফিউল ইসলাম।তিন বছর পর সরাসরি টেস্ট দলে ডাক পেয়ে দারুণ খুশি নাজিমউদ্দিন। টেস্ট অভিষেকটা যদি নিজের শহর চট্টগ্রামেই হয়ে যায়, খুশি হবেন আরও। রংপুরের বিপক্ষে জাতীয় লিগের ম্যাচ অসমাপ্ত রেখেই কাল বগুড়া থেকে চট্টগ্রাম চলে এসেছেন তিনি। আসার পথে মুঠোফোনে বললেন, ‘সবারই টেস্ট খেলার আশা থাকে। আমি খুব ভাগ্যবান যে এত দিন পর ফিরলাম টেস্ট দল দিয়েই। চট্টগ্রামে টেস্ট অভিষেকটা হয়ে গেলে এর চেয়ে ভালো কিছু আর হবে না।’মূলত ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সই নাজিমউদ্দিনকে আবার জাতীয় দলের দোরগোড়ায় এনেছে। চলতি জাতীয় লিগেও এই রাউন্ডের আগ পর্যন্ত ৬ ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটিসহ করেছেন ৫৪০ রান। প্রধান নির্বাচক আকরাম খানের আশা, খেলার সুযোগ পেলে এই ফর্ম ধরে রাখবেন নাজিমউদ্দিন, ‘দু-তিন বছর ধরেই ও ভালো পারফর্ম করছে। এদিকে আমরাও ব্যাটিং অর্ডারের দুই, তিন ও চার নম্বর জায়গা নিয়ে সংকটে আছি। নাজিমউদ্দিন যেহেতু ভালো ফর্মে আছে, আমাদের মনে হয়েছে ও সমস্যার একটা সমাধান হতে পারে।’রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচ অসমাপ্ত রেখে কাল সন্ধ্যায় চট্টগ্রাম চলে আসা আশরাফুলের কাছেও একই আশা আকরামের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে আশরাফুলকে বাদ দেওয়ার পর নির্বাচকদের চিন্তা ছিল, বছর খানেক জাতীয় দলের বাইরে রাখা হবে তাঁকে। ওয়ানডে সিরিজে দলের ব্যাটিং ব্যর্থতায় সেই চিন্তা থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন নির্বাচকেরা। ‘আমরা চেয়েছিলাম আশরাফুল লম্বা একটা সময় নির্ভার ক্রিকেট খেলুক, যাতে সে নিজেকে ফিরে পায়। কিন্তু মিডল-অর্ডারে কেউই রান করছে না। ওদিকে আশরাফুলকেও দেখলাম জাতীয় লিগে ধারাবাহিক পারফর্ম করছে। টেস্টে তার অভিজ্ঞতাও অনেক। মিডল-অর্ডারে এখন সে-ই বেস্ট অপশন’—আশরাফুলকে নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক।রুবেল, নাজমুলের সঙ্গে শাহাদাত ও রবিউল যোগ হওয়ায় ১৫ সদস্যের টেস্ট দলে পেসার হলেন চারজন। তবে প্রধান নির্বাচকের কথা শুনে মনে হলো, সংখ্যাটা তিন ধরে নেওয়াই ভালো, ‘শাহাদাতের ক্রিকেটিং ফিটনেস নিয়ে একটু সমস্যা আছে। তা ছাড়া জাতীয় লিগে ও খুব ভালো বল করেনি। সেজন্য আমরা অতিরিক্ত একজন বোলার রেখেছি। এই দুই দিনের প্র্যাকটিসে তাদের দেখা হবে।’ আকরামই জানিয়েছেন, প্রথম টেস্টের একাদশে থাকবেন না এমন দু-তিনজনকে ছেড়ে দেওয়া হতে পারে জাতীয় লিগে খেলার জন্য। সে ক্ষেত্রে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দ্বিতীয় টেস্টের দলে কিছু যোগ-বিয়োগ ঘটতে পারে।প্রথম টেস্টে টপ-অর্ডার ব্যর্থ হলে সেই যোগ-বিয়োগ আবার দলে নিয়ে আসতে পারে ওপেনার ইমরুল কায়েসকে। ফর্মের সঙ্গে কুঁচকির চোটটাও তাঁর দলের বাইরে থাকার একটা কারণ। আজ অ্যাপোলো হাসপাতালে স্ক্যান করানো হবে ইমরুলের। তাঁর মতো পেসার শফিউলের বাদ পড়ার মূল কারণও গোড়ালিতে দীর্ঘমেয়াদি চোট। চিকিৎসকদের পরামর্শ আছে, টানা বল করলে অবশ্যই তাঁকে বেশ কিছুটা সময় বিশ্রাম দিতে হবে। টেস্টে সেটা সম্ভব নয় বলেই শফিউল দলের বাইরে, সম্ভাবনা আছে উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ারও। বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের জন্য তাঁকে শিগগিরই অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায় পাঠানোর চিন্তাভাবনা করছে বিসিবি।